Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

একমাসে কলকাতা ও শহরতলিতে ফ্ল্যাট বিক্রির সংখ্যা ৫ হাজার ছাড়াল

এক মাসে কলকাতা মেট্রোপলিটন এলাকায় ফ্ল্যাট বিক্রির সংখ্যা পাঁচ হাজার ছাড়াল। চলতি ২০২৬ সালের মার্চ মাসের বিক্রির নিরিখে এই তথ্য সামনে এনেছে আবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা।

একমাসে কলকাতা ও শহরতলিতে ফ্ল্যাট বিক্রির সংখ্যা ৫ হাজার ছাড়াল
  • ২ মে, ২০২৬ ১০:০৫
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: এক মাসে কলকাতা মেট্রোপলিটন এলাকায় ফ্ল্যাট বিক্রির সংখ্যা পাঁচ হাজার ছাড়াল। চলতি ২০২৬ সালের মার্চ মাসের বিক্রির নিরিখে এই তথ্য সামনে এনেছে আবাসন সংক্রান্ত একটি আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা। তাদের হিসেব অনুযায়ী কলকাতা ও শহরতলিতে ওই মাসে ফ্ল্যাট বিক্রি হয়েছে ৫ হাজার ৭৫টি। তার আগের মাস, অর্থাৎ ফেব্রুয়ারিতে সেই সংখ্যা ছিল ৪ হাজার ৯৭৪টি। তবে ২০২৫ সালের মার্চ মাসের তুলনায় গত মার্চে ফ্ল্যাটের বিক্রি কিছুটা সঙ্কুচিত হয়েছে বলে জানানো হয়েছে রিপোর্টে। এবার সেই বিক্রি কমেছে ১০ শতাংশ।

Advertisement

কলকাতা ও শহরতলিতে যে ফ্ল্যাট বিক্রি হয়েছে, তার মধ্যে মধ্যবিত্তের ছোট ফ্ল্যাটের সংখ্যা বেশি। দেখা গিয়েছে, মার্চের মোট বিক্রি হওয়া ফ্ল্যাটের মধ্যে ৫৮ শতাংশের আয়তন ৫০০ থেকে এক হাজার বর্গফুটের মধ্যে। ৫০০ বর্গফুটের নীচের ফ্ল্যাট বিক্রির হার ৩২ শতাংশ। তুলনামূলক বৃহদ আয়তনের ও বড় বাজেটের ফ্ল্যাটের অংশীদারিত্ব ১০ শতাংশ, বলছে রিপোর্টটি। তথ্য বলছে, এবার দামি ফ্ল্যাট বিক্রির পরিমাণ আগের চেয়ে ভালো। কারণ, ২০২৫ সালের মার্চে এক হাজার বর্গফুটের বেশি আয়তনের ফ্ল্যাট বিক্রি হয়েছিল মাত্র চার শতাংশ। অন্যদিকে ৫০০ থেকে এক হাজার বর্গফুট পর্যন্ত ফ্ল্যাটের বিক্রির হার ছিল ৪৪ শতাংশ। বাদিবাকি ফ্ল্যাটের আয়তন ছিল ৫০০ বর্গফুটের নীচে।

শহরের কোথায় বেশি বিক্রি হল ফ্ল্যাট? তথ্য বলছে, এই ব্যাপারে এগিয়ে আছে উত্তর শহরতলি। দমদমে সবেচেয়ে বেশি ফ্ল্যাটের রেজিস্ট্রেশন হয়েছে। তার সংখ্যা ৩৯৮। এরপর রয়েছে উত্তর ২৪ পরগনার খড়দহ এলাকা। সেখানে বিক্রি হয়েছে ৩৬২টি ফ্ল্যাট। তারপর আছে যথাক্রমে রাজারহাট, বারাসত, বরাহনগর। নামজাদা জায়গাগুলির মধ্যে সবচেয়ে কম ফ্ল্যাট বিক্রি হয়েছে যাদবপুর এলাকায়। সেখানে বিক্রির সংখ্যা ১৬৩।

Advertisement
সম্পর্কিত সংবাদ