নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গু। দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্যজেলায় চলতি বছরে জুন মাস পর্যন্ত শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন এই রোগে। যদিও গত তিন বছরে এই সময়কালে সংখ্যাটা অনেক কম ছিল। অর্থাৎ, ২০২৩ থেকে ২০২৫ সালে বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৮০-র মধ্যে ছিল। অভিযোগ, অপরিষ্কার ড্রেন, ঠিক মতো জঞ্জাল সাফাই না হওয়ার কারণেই ডেঙ্গুর মশা বাড়ছে বিভিন্ন জায়গায়। তার ফলেই এলাকাবাসীরা এই মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। পঞ্চায়েত ও পুরসভা এলাকায় তাই জঞ্জাল সাফাইয়ের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ডেঙ্গুতে সব থেকে বেশি মানুষ আক্রান্ত হয়েছে ভাঙড়ে। এখানকার দুটি ব্লক মিলিয়ে প্রায় পঞ্চাশটি কেস পাওয়া গিয়েছে। এছাড়াও বিষ্ণুপুরেও সামান্য বেড়েছে এই রোগের প্রকোপ।



