Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / বিনোদন

ভূতের ভবিষ্যতের পরিচালক অনীক দত্তর রহস্যমৃত্যু

বাঙালিকে ‘ভূতের ভবিষ্যৎ’ দেখিয়েছিলেন তিনি! বহুদিন পর বাংলা ছবি যেন পেয়েছিল ‘আশ্চর্য প্রদীপ’-এর ছোঁয়া! সেই ছবির পরিচালক অনীক দত্ত চলে গেলেন!

ভূতের ভবিষ্যতের পরিচালক অনীক দত্তর রহস্যমৃত্যু
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালিকে ‘ভূতের ভবিষ্যৎ’ দেখিয়েছিলেন তিনি! বহুদিন পর বাংলা ছবি যেন পেয়েছিল ‘আশ্চর্য প্রদীপ’-এর ছোঁয়া! সেই ছবির পরিচালক অনীক দত্ত চলে গেলেন! 

Advertisement

বুধবার দুপুর থেকেই চলচ্চিত্র পরিচালক অনীক দত্তর মৃত্যুর খবর দাবানলের মতো ছড়াতে শুরু করে। রাজনীতি সচেতন এক কৃতী পরিচালকের রহস্যমৃত্যু—যে খবরের জন্য কেউই প্রস্তুত ছিলেন না। তারপর খবর ছড়ায়, অনীক দত্ত আত্মহত্যা করেছেন। যা তাঁর অনুরাগী, বন্ধু, সহকর্মীদের কাছে ছিল আরও অবিশ্বাস্য। এদিন দুপুরে হিন্দুস্থান পার্কে তাঁর স্ত্রীর ফ্ল্যাটের নীচ থেকে রক্তাক্ত অবস্থায় অনীকবাবুকে উদ্ধার করা হয়। ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। বয়স হয়েছিল ৬৬ বছর। 
পুলিশ সূত্রে খবর, হিন্দুস্থান পার্কের ওই ফ্ল্যাটের ছাদ থেকে এক জোড়া চামড়ার চটি ও ‘সিনেমাটোগ্রাফি আর্ট’ নামে একটি ম্যাগাজিন উদ্ধার হয়। সেই ম্যাগাজিনের মাঝে খামে ভরে রাখা ছিল হাতে লেখা ‘সুইসাইড নোট।’ এদিনই পিজি হাসপাতালে অনীকবাবুর দেহের ময়নাতদন্ত হয়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিচালকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, উঁচু থেকে পড়েই পরিচালকের মৃত্যু হয়েছে। অভ্যন্তরীন রক্তক্ষরণ এবং মাথা- ঘাড়ে গভীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। মাথার খুলি ভেঙে গিয়েছে। পা, কোমর ও মুখেও চোট লেগেছে। স্ত্রী আলাদা থাকতেন। অনীকবাবু থাকতেন ডোভার লেনে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তাঁর বাড়ি থেকে এ সংক্রান্ত প্রেসক্রিপসন ও বিভিন্ন ওষুধ মিলেছে। যে ‘সুইসাইড নোট’ পাওয়া গিয়েছে, সেটি তাঁর মেয়ের উদ্দেশে লেখা। সেখানে তিনি লিখে গিয়েছেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়! ফিঙ্গার প্রিন্ট বিশারদদের সাহায্যে সেই হাতের লেখা পরীক্ষা করে দেখছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে বীরসা দাশগুপ্ত আবেদন করেছেন, এই মুহূর্তে অনীকের পরিবারের শান্তি ও প্রাইভেসি দরকার। দয়া করে কেউ জলঘোলা করবেন না। 
পুলিশ সূত্রে খবর, হিন্দুস্থান পার্কের আবাসনে স্ত্রীর ফ্ল্যাটে পরিচালক এদিন ঢোকেননি। সোজা ছাদে উঠে যান। অন্য একটি সূত্রের দাবি, তিনি ওই ফ্ল্যাটেই গিয়েছিলেন। সেই সময় তাঁর স্ত্রী ব্যস্ত থাকায় দরজা খুলতে পারেননি। তাঁদের একমাত্র মেয়ে থাকেন সুইডেনে। এদিনই তিনি কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন। আজ, বৃহস্পতিবার দুপুরে তাঁর পৌঁছে যাওয়ার কথা। বুধবার রাতে পিস ওয়ার্ল্ডে তাঁর দেহ রাখা হয়। আজ নন্দন চত্বরে দেহ নিয়ে যাওয়া হতে পারে।
২০১২ সালে ‘ভূতের ভবিষ্যত্’ দিয়ে ফিল্ম কেরিয়ার শুরু অনীকবাবুর। তারপর ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’, ‘যত কাণ্ড কলকাতাতেই’। মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঢাকুরিয়ার হাসপাতালে ছুটে আসেন তাঁর সহকর্মীরা। এসেছিলেন সৃজিত মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, জিতু কমল, অরিন্দম শীল সহ অনেকে। আসেন রাজনৈতিক ব্যক্তিত্বরাও। 

সম্পর্কিত সংবাদ