Bartaman Logo
৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আর ২-৩ দিনের মধ্যে দেশজুড়ে বর্ষাকাল শুরু

দেশজুড়ে আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষাকাল শুরু হবে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টির ঘাটতি কমেছে। বিস্তারিত পড়ুন।

আর ২-৩ দিনের মধ্যে দেশজুড়ে বর্ষাকাল শুরু
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২-৩ দিনের মধ্যে দেশজুড়ে বর্ষাকাল শুরু হয়ে যাবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মঙ্গলবার জানিয়েছে। রাজস্থানের কিছু অংশ ও পাঞ্জাব-হরিয়ানার সামান্য অংশে এখনও বর্ষা প্রবেশ করেনি। গোটা দেশে বর্ষা প্রবেশের স্বাভাবিক সময় আজ ৮ জুলাই। বেশ কিছুদিন ধরে থমকে থাকার পর বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে মৌসুমি বায়ু দেশে সক্রিয় হয়। এর জেরে বর্ষার আওতাধীন এলাকা বৃদ্ধির পাশাপাশি বৃষ্টির পরিমাণও বেড়েছে। ঘাটতির মাত্রা কমেছে। দেশে সার্বিকভাবে বর্ষার বৃষ্টির ঘাটতি এখন ১৭ শতাংশে নেমে এসেছে। দীর্ঘকালীন গড়ের থেকে ১৯ শতাংশ পর্যন্ত কম বৃষ্টি হলেও সেটাকে স্বাভাবিক বলে আবহাওয়াগতভাবে ধরা হয়। ফলে বর্ষাকালে এই প্রথম দেশে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক মাত্রায় এল। মধ্য ভারতে আগে সবথেকে বেশি ঘাটতি ছিল। যা ৫০ শতাংশ ছাড়িয়েছিল। সেখানে নিম্নচাপের জন্য প্রচুর বৃষ্টি হওয়ায় মধ্য ভারতে এখন গড়ের থেকে ১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। গভীর নিম্নচাপটি অবশ্য দুর্বল হয়ে মধ্য প্রদেশের উপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে উত্তরপ্রদেশের দিকে সরে যাবে।  নিম্নচাপ দূরে সরে যাওয়ায় মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে। তবে  উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া এলাকায় আগামী কয়েকদিন বেশি মাত্রায় বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কোথাও কোথাও আজ বুধবার মাত্রাতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং ও কোচবিহার জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা দেওয়া হয়েছে। বৃহস্পতিবারও ওইসব জায়গায় কমলা সতর্কতা থাকবে। দক্ষিণবঙ্গে বর্ষাকালের স্বাভাবিক বৃষ্টি হবে। মৌসুমি অক্ষরেখা, নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর ছিল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ