নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর আগেই সম্ভবত বর্ষা বিদায় নেবে। বঙ্গোপসাগরের নিম্নচাপটিও এদিকে আসছে না। তা সত্ত্বেও পুজোর প্রথম দিকে ১৫-১৭ অক্টোবর (পঞ্চমী থেকে সপ্তমী) কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোথাও কোথাও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। শুক্রবার তাদের বিশেষ পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা ছাড়া দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রাম জেলার কোথাও কোথাও তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এইসময় দক্ষিণবঙ্গের অন্যত্রও কিছু স্থানে হালকা বৃষ্টি হতে পারে। ষষ্ঠী ও সপ্তমীর দিন উত্তরবঙ্গেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
১৮-১৯ অক্টোবর (অষ্টমী-নবমী) কলকাতাসহ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। তবে ওই দুদিনও হালকা বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। ২০-২২ অক্টোবর দক্ষিণবঙ্গে আবহাওয়া শুকনো থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে কলকাতায়। উত্তরবঙ্গে ১৬-১৭ অক্টোবরের পর আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। আবহাওয়া অধিকর্তা জানান, ১৪ অক্টোবর পুজোর দিনগুলির আবহাওয়া নিয়ে তাঁরা আরও একটি বিশেষ পূর্বাভাস দেবেন। নিম্নচাপের গতিপ্রকৃতি পর্যালোচনা করে তখন দেখা হবে পরিস্থিতির পরিবর্তন কতট হবে।
১৩-১৫ অক্টোবর নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর সেটি কিছুটা শক্তিও বৃদ্ধি করবে। তবে নিম্নচাপটি অভিমুখ থাকবে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ-উত্তর তামিলনাড়ু উপকূলের দিকে। এটা পশ্চিমবঙ্গ বা উত্তর ওড়িশা উপকূল থেকে অনেকটা দূরে হলেও এদিকে একটা পরোক্ষ প্রভাব পড়বে নিম্নচাপের। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে পুবালি বাতাস রাজ্যের বায়ুমণ্ডলে ঢুকবে। জলীয় বাষ্পপূর্ণ ওই বাতাসের জন্য কোথাও কোথাও বৃষ্টির মেঘ সৃষ্টি হবে। উপকূলবর্তী ও কাছাকাছি এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
আজ শনিবার মহালয়ার দিন গোটা রাজ্যে বৃষ্টি কমবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। যদিও আকাশ থাকবে আংশিক মেঘলা। কিছু স্থানে আজ হালকা বৃষ্টি হতে পারে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গে আবহাওয়া মূলত শুকনো থাকবে। সোম থেকে বৃহস্পতিবার (১১-১৫ অক্টোবর) পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে উত্তরবঙ্গেও। ১১-১৪ অক্টোবরের মধ্যে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। এদিকে থাইল্যান্ড উপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ১৩ তারিখ নাগাদ এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হবে।



