নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইসকন পরিচালিত মিড ডে মিল চালু হল কলকাতার স্কুলগুলিতে। শনিবার আলিপুর মিন্ট কলোনিতে ইসকনের অন্নামৃত কিচেন থেকে দক্ষিণ কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিল গিয়েছে। সেখানে এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ডিম নিয়ে সমালোচনার জন্য বিরোধিদের একহাত নেন তিনি। জানান, পৃথকভাবে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সপ্তাহে দু’দিন ডিমও দেবে রাজ্য সরকার। চাকরি যাবে না রাঁধুনি ও সহায়িকাদের। নিজেও এদিন মিড ডে মিলের খাবার খান। বিরোধীদের উদ্দেশে বলেন, হিংসারিপু দমন করুন। ইসকনের দেওয়া খাবারের স্বাদ চেখে দেখুন। সূত্রের খবর, সোমবার ও বুধবার স্কুল ছুটির সময় পড়ুয়াদের ডিম বিতরণ করা হবে।
এদিন শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে ইসকনের দীর্ঘ ২০ বছরের সম্পর্ক মনে করিয়ে দেন। ভক্তিচারু মহারাজ যে তাঁর গুরু মহারাজ ছিলেন, তা জেনেও অবাক হন বহু অভ্যাগতই। এদিন বিরোধীদের সমালোচনা করে বলেন, কিছু না জেনেই একদল আন্ডা, আন্ডা বলে মিছিল বের করে দিল। আরও একটি মিছিল চোখে পড়ল রাঁধুনিদের। তাঁদের নাকি চাকরি আর থাকবে না। দায়িত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ধৈর্য বেড়েছে। তাই কিছু মন্তব্য করিনি। এদিন তিনি ফের জানান, রাঁধুনিদের ইসকনেই যুক্ত করা হবে রান্না এবং খাবার বিলির কাজে। তাঁদের ভাতাও ১০০০ টাকা বাড়িয়ে তিন হাজার করা হয়েছে। তিনি জানান, আপাতত ৫০০ স্কুলের ৪৪ হাজার ছাত্রছাত্রীর কাছে মিড মিল যাচ্ছে। অচিরেই আড়াই লক্ষ ছাত্রছাত্রী এর আওতায় আসবে।
ইসকনের এই মেগা কিচেনটি অত্যাধুনিক। আধা-স্বয়ংক্রিয়ভাবেই কাজকর্ম চলে। পরিচ্ছন্নতাও সর্বোচ্চ পর্যায়ের। খাবার বিলির কন্টেনারে থাকছে কিউআর কোড। একটি কেন্দ্রীয় ড্যাশবোর্ডে খাবার বিলির তথ্য উঠে যাচ্ছে সেই কিউআর স্ক্যানের মাধ্যমে। যদিও, প্রথম দিনের খাবার বিলি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়া মিলেছে। তালিকাভুক্ত থাকা সত্ত্বেও একাধিক স্কুল সময়মতো খাবার পায়নি বলে অভিযোগ করেছে। ছাত্ররা চলে যাওয়ার পরে কোথাও কোথাও পৌঁছেছে। আবার পৌছলেও, তার পরিমাণ রিক্যুইজিশনের থেকে কম ছিল বলে অভিযোগ। খাবারের মেনু, স্বাদ নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মূল অনুষ্ঠানে বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীদের ডেকে খাওয়ানো হয়েছে। সেখানে ছিল ঢালাও মেনু। ছিল ঝালমুড়ির কাউন্টার। তবে, স্কুলগুলির মেনু ছিল তুলনায় সাধারণ। যদিও, খাবারের মান এবং স্বাদের প্রশংসা সর্বত্রই করা হয়েছে। প্রথমদিন সমস্যা হয়েছে মেনে নিয়েও মিড ডে মিল সেকশন থেকে জানানো হয়েছে, সোমবার থেকে সব মসৃণ হয়ে যাবে।