সৌম্যজিৎ সাহা, দক্ষিণ ২৪ পরগনা: পুজোর মুখে সোনারপুরে যেন যুদ্ধের আবহ! ট্যাংক, ফাইটার প্লেনের লড়াই! তবে এ ‘যুদ্ধ’ আসলে যুদ্ধের বিরুদ্ধে! কীভাবে গোটা বিশ্বে প্রভাব ফেলেছে যুদ্ধ, সেটাই ফুটে উঠবে মণ্ডপে। থাকছে পরিবেশ বাঁচানোর বার্তাও। সোনারপুর ও রাজপুরজুড়ে এমনই হরেক থিমের ‘লড়াই’-এর সাক্ষী থাকবেন দর্শনার্থীরা।
সোনারপুরের এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ এবার তাদের পুজোয় ‘যুদ্ধ নয় শান্তি চাই’ বার্তা দিতে চায়। থিমের নাম দেওয়া হয়েছে ‘মিসাইল থেকে মন্ত্র’। উদ্যোক্তারা জানাচ্ছেন, এবার এই পুজো ৮০ বছরে পড়ল। বিশ্বের নানা প্রান্তে যেভাবে বিভিন্ন দেশ যুদ্ধে জড়িয়ে পড়েছে, তাতে গোটা বিশ্বের অর্থনীতিতেই ক্ষতিকর প্রভাব পড়ছে। আমেরিকা-ইরান হোক বা ইউক্রেন-রাশিয়া— যুদ্ধের কুপ্রভাব কীভাবে বিভিন্ন দেশকে সমস্যায় ফেলছে, সেটাই মূলত তুলে ধরার চেষ্টা করেছে এই পুজো। কমিটির অন্যতম কর্তা সঞ্জয় সেনগুপ্ত বলেন, ‘যুদ্ধ হলে কেউ এগিয়ে যেতে পারে না। আমাদের প্রয়োজন শান্তি। এই বার্তাই বহন করবে আমাদের এবারের থিম।’ এই পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ২০ লক্ষ টাকা। থিমের সঙ্গে সাযুজ্য রেখে গড়া হচ্ছে প্রতিমা। কোদালিয়া জাগৃতি সংঘের পরিচালনায় এবার কোদালিয়া তারাকুমার কবিরত্ন রোড সর্বজনীন দুর্গোৎসবের থিম ‘সবুজের সন্ধানে’। এবার এই পুজোর ৩৩তম বর্ষ। বিশ্বায়নের ফলে যেভাবে বায়ুমণ্ডলে পরিবর্তন এসেছে, তার অন্যতম কারণ হল সবুজ ধ্বংস। মূলত এই বিষয়টি মণ্ডপে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। পুজো কমিটির কোষাধ্যক্ষ রতন মজুমদার বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে মানুষকে সচেতন করা হবে। পাশাপাশি পরিবেশ বাঁচানোর বার্তাও দেওয়া হবে মণ্ডপ থেকে। প্যান্ডেলের ভিতর বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজিয়ে তোলা হবে।’ সাড়ে তিন লক্ষ টাকা বাজেটের এই পুজোর উদ্বোধন হবে পঞ্চমীতে। থিমের পুজো হলেও ঠাকুর হচ্ছে সাবেকি ঘরানার।রাজপুর এম এন রায় রোড নবারুণ সংঘের পুজো এবার ৭৩তম বর্ষে পা দিল। তারা কল্পতরু মন্দিরের ভাবনা তুলে ধরছে। রাধাকৃষ্ণের প্রেমের মাধুর্য সর্বত্র ছড়িয়ে দেওয়ার বার্তা বহন করবে এই পুজো কমিটির থিম। একই সঙ্গে তারা উত্তম কুমারের জন্মশতবর্ষে মহানায়ককে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে। মণ্ডপের চারদিকে অভিনেতার কালজয়ী সব সিনেমার ছবি ও পোস্টার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে মহানায়কের বিভিন্ন মুডের ছবিও। দর্শনার্থীরা ঠাকুর দেখতে এলে লাইনে দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে এসবও উপভোগ করতে পারবেন। কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব সরকার জানান, তাঁদের এবারের পুজোর বাজেট ধরা হয়েছে ১২ লক্ষ টাকা। কোদালিয়া সর্বজনীন দুর্গাপুজো এবছর ১১৬তম বর্ষে পদার্পণ করল। পাড়ার মহিলাদের দ্বারা পরিচালিত এই পুজো হবে সাবেকিয়ানার মোড়কেই। রাজপুর নবারুণ সংঘের মণ্ডপ। -নিজস্ব চিত্র



