Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রয়াত রাজা সেন

প্রয়াত বর্ষীয়ান পরিচালক রাজা সেন। বাংলা সিনেমা, টেলিভিশন ও তথ্যচিত্রের জগতে এক উল্লেখযোগ্য অধ্যায়ের অবসান ঘটল রবিবার।

প্রয়াত রাজা সেন
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্রয়াত বর্ষীয়ান পরিচালক রাজা সেন। বাংলা সিনেমা, টেলিভিশন ও তথ্যচিত্রের জগতে এক উল্লেখযোগ্য অধ্যায়ের অবসান ঘটল রবিবার। এদিন সকাল ১০টা নাগাদ কলকাতার পিজি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজা। বয়স হয়েছিল ৭০ বছর। ‘দামু’, ‘আত্মীয় স্বজন’, ‘দেশ’... বড়োপর্দার এমন বহু কাজ তাঁকে স্বতন্ত্র করেছিল। গত কয়েক বছর ধরেই বয়সজনিত নানা সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের শুরুতে অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। ফের কয়েকদিন আগে হাসপাতালে ভরতি করতে হয় জাতীয় পুরস্কার জয়ী পরিচালককে। রাখা হয়েছিল ভেন্টিলেটর সাপোর্টে। পরিচালকের স্ত্রী অভিনেত্রী পাপিয়া সেন জানিয়েছেন, তাঁর ভাই সব্যসাচী চক্রবর্তী, ছোটো মেয়ে ও পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন। বড়ো মেয়ে জার্মানিতে। এদিন দুপুর আড়াইটা নাগাদ নন্দন প্রেক্ষাগৃহের সামনে শায়িত রাখা হয় প্রয়াত পরিচালকের দেহ। টলিউডের বহু কলাকুশলী তাঁকে শেষশ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন।  তারপর নিয়ে যাওয়া হয় পরিচালকের বাড়িতে। এদিনই কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। 

Advertisement

সাহিত্যের প্রতি অমোঘ টান ছিল তাঁর। সেই ছাপ পড়েছিল কাজেও। ‘সুবর্ণলতা’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘আরোগ্য নিকেতন’-এর মতো একাধিক সাহিত্য নির্ভর প্রজেক্ট পরিচালনা করেছিলেন ছোটোপর্দার জন্য। বড়োপর্দায় হাতেখড়ি হল ‘দামু’র হাত ধরে। ১৯৯৭ সালে। এক অনাথ শিশুর গল্পের মাধ্যমে শিশুর সারল্য, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সহ একাধিক বিষয় পর্দায় ফুটিয়েছিলেন তিনি। ছবিটি সেরা শিশু চলচ্চিত্র বিবেচিত হয়েছিল জাতীয় পুরস্কারের মঞ্চে। জাতীয় পুরস্কার অবশ্য পেয়েছিলেন আগেই। রবীন্দ্র সংগীত শিল্পী সুচিত্রা মিত্রকে একটি তথ্যচিত্র তৈরি করেছিলেন। সেটির জন্যই প্রথমবার জাতীয় পুরস্কার পান তিনি। তপন সিনহা, শম্ভু মিত্র, সুভাষ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকে নিয়েও তথ্যচিত্র তৈরি করেছিলেন তিনি। পরে ‘আত্মীয় স্বজন’ ছবিটির জন্য তৃতীয়বার জাতীয় পুরস্কার পান। ‘চক্রব্যূহ’, ‘দেশ’, ‘দেবীপক্ষ’, ‘খাঁচা’, ‘তিনমূর্তি’, ‘কৃষ্ণকান্তের উইল’, ‘ল্যাবরেটরি’, ‘মায়া মৃদঙ্গ’-এর মতো একাধিক ছবি পরিচালনা করেছিলেন তিনি। ‘দেশ’ ছবিতে কাজ করেছিলেন জয়া ও অভিষেক বচ্চন। অভিষেক অভিনীত প্রথম বাংলা ছবি সেটিই। ‘মায়া মৃদঙ্গ’ ছবির শ্যুটিং চলাকালীন কোমড়ে চোট পেয়েছিলেন। গুরুত্ব দেননি তেমন। ভালোবাসতেন কাজের মধ্যে ডুবে থাকতে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার গল্প’ তাঁর পরিচালিত শেষ ছবি। তারপরও অবশ্য পরিচালনা করতে চেয়েছিলেন। আক্ষেপ ছিল, গল্প হাতে থাকলেও প্রযোজক পাচ্ছেন না। পরিচালকের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বললেন, ‘তপন সিনহার মতো বিভিন্ন বিষয় নিয়ে ছবি তৈরি করেছেন। নক্ষত্রপতন হল। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি। তবে সেই মূল্যায়ন কি ওঁর হয়েছিল? রাজা সেনের যে সম্মান পাওনা ছিল, তা বোধহয় পেলেন না। আমাকেও অনেক সময় বলতেন একজন ভালো প্রযোজক দাও তো, ভালো ছবি করব। ভালো কাজের কি মূল্যায়ন আজ হয়? জানি না।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ