Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

কাঁচাকালী সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ এবার আইফেল টাওয়ারের আদলে

খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল চোপড়া ব্লকের কাঁচাকালী সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের কাজ। চোপড়া ব্লকের অন্যতম বিগ বাজেটের এই পুজো এবার ৫৪তম বর্ষে পদার্পণ করল।

কাঁচাকালী সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ এবার আইফেল টাওয়ারের আদলে
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুতাহার কামাল, চোপড়া: খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল চোপড়া ব্লকের কাঁচাকালী সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের কাজ। চোপড়া ব্লকের অন্যতম বিগ বাজেটের এই পুজো এবার ৫৪তম বর্ষে পদার্পণ করল। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের পুজোর মূল আকর্ষণ, প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের আদলে তৈরি বিশেষ থিমের মণ্ডপ। পুজোর বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। প্রতিবছর নতুন ভাবনা ও অভিনব থিমের মাধ্যমে দর্শকদের চমক দেওয়ার চেষ্টা করে কাঁচাকালী সর্বজনীন দুর্গাপুজো কমিটি। অতীতেও টুইন টাওয়ার, গিটার-সহ একাধিক আকর্ষণীয় থিমে মণ্ডপ তৈরি করে দর্শকদের নজর কেড়েছে এই পুজো। এবছরও আইফেল টাওয়ার দর্শনার্থীদের নজর কাড়বে বলে উদ্যোক্তারা আশাবাদী। মণ্ডপ নির্মাণের পাশাপাশি আলোকসজ্জা, প্রতিমা এবং পুজোর অন্যান্য আয়োজনেও বিশেষত্ব রাখার পরিকল্পনা রয়েছে।

Advertisement

পুজো কমিটির সভাপতি শংকর অধিকারী জানান, প্রতিবছরই নতুন ও আকর্ষণীয় কিছু করার চেষ্টা করা হয়। মূল উদ্দেশ্য, ঠাকুর দেখতে আসা মানুষকে শুধু ধর্মীয় আবহ নয়, একইসঙ্গে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা দেওয়া। এবারের আইফেল টাওয়ার থিমও দর্শকদের ভালো লাগবে। পাশাপাশি শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে সকলকে দুর্গোৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। কমিটির সম্পাদক বরুণ সিংহ জানান, তাঁর দাদু ভবেন্দ্র নাথ সিংহের হাত ধরেই এই পুজোর সূচনা। দীর্ঘ পথ পেরিয়ে এবার সেই পুজো ৫৪ বছরে পৌঁছেছে। কাঁচাকালী এলাকায় এই পুজোকে ঘিরে প্রতিবছর ব্যাপক উৎসাহ দেখা যায়। দশমীর দিন এখানে মেলা বসে। পুজো কমিটির আশা, এবছর আইফেল টাওয়ারের থিমকে ঘিরে দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে ৫৪তম বর্ষের এই পুজো চোপড়ার দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। 
 চোপড়ায় কাঁচাকালী সর্বজনীন দুর্গাপুজোর খুঁটিপুজো। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ