রাজনৈতিক পালাবদলের ছাপ পুজোর উদ্বোধনেও, ব্যস্ততা কমছে রচনার, শশব্যস্ত রুদ্রনীল
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শান্তনু দত্ত, কলকাতা: পুজোর উদ্বোধনের ব্যস্ততায় ভরা থাকে তারকাদের দিনপঞ্জি। পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হলে তো কথাই নেই। ব্যস্ততা দ্বিগুণ হয়। নিজের কেন্দ্র তো বটেই, দলের হয়ে শহর ও জেলার একাধিক পুজোর উদ্বোধনেও দেখা যায় তাঁদের। কিন্তু এ বছর ছবিটা অনেকটাই বদলেছে। রাজনৈতিক পালাবদলের পর পুজোর উদ্বোধনের মঞ্চে কারও ব্যস্ততা কমেছে, আবার কারও ক্ষেত্রে বেড়েছে। বদলে যাওয়া রাজনৈতিক সমীকরণের ছাপ পড়েছে তারকাদের পুজো-উদ্বোধনের তালিকাতেও। 

Advertisement

গত বছর পুজো উদ্বোধনের সময় শশব্যস্ত ছিলেন অভিনেত্রী তথা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির সিংহভাগ পুজো মণ্ডপের ফিতে কাটেন তিনি। সূত্রের খবর, এ বছর সেই ছবি বদলাচ্ছে। রাজনৈতিক ছবির পাশাপাশি রচনার কেরিয়ারেও বড়ো বাঁক এসেছে। জনপ্রিয় রিয়েলিটি শো-এর সঞ্চালনার দায়িত্ব হাতছাড়া হয়েছে তাঁর। ফলে রচনার জনপ্রিয়তাতে খানিক ভাঁটা পড়েছে বই কী! এর সঙ্গে তাঁর দিল্লিতে যাতায়াতও বেড়েছে। পুজোর সময় আদৌ রচনা বঙ্গে থাকবেন কি না, তা নিয়েও সংশয়ে পুজো কমিটির সদস্যরা। গুটিকয়েক আমন্ত্রণপত্র অবশ্য রচনার অফিসে জমা পড়েছে বলে শোনা যাচ্ছে। তবে তা আগের বছরের তুলনায় নামমাত্র। 
এদিকে, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় পুজোর আগে থেকেই পুরোপুরি মন দিয়েছেন অভিনয়ে। ১০ কেজি ওজন ঝরিয়েছেন। গতবার বরানগর এলাকার বহু পুজোর উদ্বোধনে দেখা গিয়েছিল প্রাক্তন বিধায়ক সায়ন্তিকাকে। এবারের নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন। সূত্রের খবর, এ বছর বরানগর এলাকার কোনো পুজো মণ্ডপ উদ্বোধনের আমন্ত্রণ পাননি তিনি। তবে কলকাতার বেশ কয়েকটি অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। পুজোর আগে বিজ্ঞাপনেও কাজ করেছেন নায়িকা।  অভিনেতা সোহম চক্রবর্তীর অবশ্য তেমন ব্যস্ততা নেই বলেই শোনা যাচ্ছে। চণ্ডীপুরের প্রাক্তন বিধায়ক বিধানসভা নির্বাচনে করিমপুরে পরাস্ত হয়েছেন। সূত্রের খবর, সে কারণে বিধানসভা এলাকা থেকে পূজা উদ্বোধনের আমন্ত্রণ তিনি পাননি। সোহম রাজনীতি থেকে দূরে সরে আপাতত অভিনয়ে মনোনিবেশ করেছেন। ইন্ডাস্ট্রিতে জল্পনা, সংগীত শিল্পী অদিতি মুন্সিও এবার অনুষ্ঠান কম পেয়েছেন। রাজনীতির পালাবদলের পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় সমস্যায় পড়েছেন অদিতি। এর জেরেই এবছর তাঁর কীর্তনের অনুষ্ঠানের সংখ্যা কম, মনে করছে সংশ্লিষ্ট মহল। অভিনেতা রুদ্রনীল ঘোষের উদ্বোধনের ব্যস্ততা আবার বেড়েছে। কেবল নিজের কেন্দ্র শিবপুরই নয়, কলকাতার বেশ কয়েকটি মণ্ডপ উদ্বোধনে থাকবেন তিনি।