Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মরশুমের সবচেয়ে গরম দিন গেল বৃহস্পতিবার

ব্যাপক ঝড়বৃষ্টি না-হওয়ার জন্য কলকাতাসহ দক্ষিণবঙ্গে গরম বাড়ছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

মরশুমের সবচেয়ে গরম দিন গেল বৃহস্পতিবার
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাপক ঝড়বৃষ্টি না-হওয়ার জন্য কলকাতাসহ দক্ষিণবঙ্গে গরম বাড়ছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই গরমের মরশুমে কলকাতায় এখনো পর্যন্ত এটাই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। শহরে ২২ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি। মে মাসে এই প্রথম কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি (০.৮ ডিগ্রি) হল। এর আগে মে মাসে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা সবথেকে বেশি হয়েছিল ৩৪ ডিগ্রি। জেলাতেও তাপমাত্রা বেড়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া ও কলাইকুন্ডায় এদিন সবথেকে বেশি সর্বোচ্চ তাপমাত্রা (৩৮.৩ ডিগ্রি ) ছিল। বারাকপুর ও দমদমে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৭.৭ ও ৩৬.৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রির আশপাশে ছিল। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, তাপমাত্রা আর বিশেষ একটা বাড়বে না। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও তাপপ্রবাহ বা অস্বস্তিকর গরমের কোনো সতর্কতা আবহাওয়া দপ্তর দেয়নি। 

Advertisement

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ থাকার কারণে এরাজ্যের বায়ুমণ্ডলে বেশি মাত্রায় জলীয় বাষ্পপূর্ণ দখিনা বাতাস প্রবেশ করছে। তার জন্য উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো গরম হাওয়া সেভাবে ঢুকতে পারছে না বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় ভ্যাপসা গরমের অস্বস্তি বেড়েছে। 
দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে।  মুর্শিদাবাদ, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় এক বা একাধিক দিন ‘হলুদ’ সতর্কতা আছে। তবে বেশি ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গের হিমালয় ও লাগোয়া এলাকায়। কয়েকটি জেলায় ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি জেলার কোথাও কোথাও।

সম্পর্কিত সংবাদ