জম্মু, ৮জুলাই: ২ জুলাই থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। আর এর মধ্যেই জম্মু বেস ক্যাম্প থেকে অমরনাথের উদ্দেশে রওনা হওয়া তীর্থযাত্রীর সংখ্যা পৌঁছে গেছে ৪৪,৬৬৬ তে। বুধবার এখনও পর্যন্ত এবছরের সবথেকে বেশি তীর্থযাত্রী রওনা হলো অমরনাথের উদ্দেশে। আজ জম্মুর ভগবতীনগর বেস ক্যাম্প থেকে মোট ৯,৮৩৭ জন তীর্থযাত্রী রওনা হয়েছেন। এবছর এটাই তীর্থযাত্রীদের বৃহত্তম দল। এই দলে ৭০০৪পুরুষ, ২৮১০ জন নারী, ২১ জন শিশু এবং দুজন রূপান্তরকামী আছেন। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী ৪,৪৮০ জন তীর্থযাত্রী ১৭৩ টি গাড়িতে মধ্য কাশ্মীরের গান্দেরওয়াল জেলার বলতাল বেস ক্যাম্পের দিকে রওনা হন। অন্যদিকে ৫৩৫৪ জন তীর্থ যাত্রী নিয়ে ১৮৮টি গাড়ি দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও-এর দিকে রওনা দিয়েছে। এখনও পর্যন্ত এক লাখ পনেরো হাজারের বেশি তীর্থযাত্রী ৩৮৮০মিটার উচ্চতায় থাকা অমরনাথের গুহা মন্দিরে বরফের শিবলিঙ্গ দর্শন ও পুজো করেছেন বলে প্রশাসন সূত্রে খবর। ৫৭ দিনব্যাপী এই তীর্থযাত্রা ২৮ আগস্ট রাখী বন্ধনের উৎসবের দিন শেষ হবে। প্রসঙ্গত অমরনাথ যাত্রা দুটি রুটে যাওয়া যায়। ট্রাডিশনাল রুট হিসেবে ধরা হয় পহেলগাঁও দিয়ে যাত্রা। এই রুটে তীর্থযাত্রীকে পার করতে হয় ৩৬ থেকে ৪৬ কিলোমিটার। সময় লাগে তিন থেকে পাঁচ দিন। অন্যদিকে বালতাল রুটে গেলে তীর্থযাত্রীদের হেঁটে পার করতে হয় ১৪ কিলোমিটার। সময় লাগে এক থেকে দু দিন।



