Bartaman Logo
১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

গাইডলাইন তৈরি সহ ডিম হামলা ঠেকাতে কী পদক্ষেপ, রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট

কলকাতা হাইকোর্ট ডিম হামলা ঠেকাতে রাজ্যের কাছে গাইডলাইন তৈরির নির্দেশ দিল। পুলিশ কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে চেয়েছে। বিস্তারিত পড়ুন।

গাইডলাইন তৈরি সহ ডিম হামলা ঠেকাতে কী পদক্ষেপ, রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের ফলাফল প্রকাশের পর থেকে তৃণমূলের নেতা কর্মীদের উপর ডিম হামলার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কী পদক্ষেপ করেছে, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে ডিম ছোড়ার ঘটনা অবিলম্বে বন্ধ করতে রাজ্যের ডিজিপি ও পুলিশ কমিশনারকে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ রাজ্যের সব থানাকে মেনে চলতে হবে। এছাড়াও আদালত মঙ্গলবার জানিয়েছে, এই ধরনের ঘটনায় কতগুলি এফআইআর দায়ের হয়েছে, তাও হলফনামা আকারে পেশ করতে হবে রাজ্যকে। 

Advertisement

গত ২২ জুন দায়ের করা জনস্বার্থ মামলায় দলের দুই বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র এবং তিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছিল ‘কালীঘাট তৃণমূল’। জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে।  ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর  ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে তৃণমূলের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। সেই আবেদন অবশ্য খারিজ করে দেন বিচারপতিরা।
এদিন শুনানিতে বিচারপতি চক্রবর্তী রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদারের উদ্দেশ্যে বলেন, ‘ডিম ছোড়ার ঘটনা রুখতে কী পদক্ষেপ করেছেন? কয়েকজনকে গ্রেপ্তার করলে সমস্যার সমাধান হবে বলে মনে করেন? সামাজিক সচেতনতা তৈরি করতে হবে।’ বিচারপতি চট্টোপাধ্যায়ের সংযোজন, ‘সকলের সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। মনে রাখতে হবে, কেউ গ্রেপ্তার হওয়া মানেই তিনি দোষী সাব্যস্ত হয়ে গেলেন, এমনটা নয়।’ রাজদীপ মজুমদার বলেন, ‘রাজ্য আইন মেনে কাজ করছে। আমরা বলেছি, কেউ আইন হাতে তুলে নিলে রাজ্য পদক্ষেপ করবে।’ 
কল্যাণ পাল্টা সওয়ালে বলেন, ‘এসব কাজ পুলিশ নিজেরাই করছে। তা হলে জনগণ আর কী করবে? বিমানবন্দরের মতো জায়গাতেও এই ধরনের আক্রমণ হচ্ছে। মন্ত্রী বলছেন, ডিম ছুড়তে। সরকার কী পদক্ষেপ করেছে?’ সওয়াল জবাব শেষে এবিষয়ে রাজ্যের পদক্ষেপ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট চাওয়ার পাশাপাশি গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ২০ জুলাই।   

Advertisement
সম্পর্কিত সংবাদ