Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাঞ্জাবের বিরুদ্ধে গিলদের বদলার লড়াই

পাঞ্জাবের বিরুদ্ধে গিলদের বদলার লড়াই
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: চলতি আইপিএলে অন্যতম ফেভারিট পাঞ্জাব কিংস। তাদের পারফরম্যান্সও বেশ চমকপ্রদ। প্রথম সাত ম্যাচে অপরাজিত ছিল শ্রেয়স ব্রিগেড। গত ম্যাচে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে প্রথম হারের মুখ দেখে প্রীতি জিন্টার দল। সেই ধাক্কা সামলে রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য পাঞ্জাবের। পক্ষান্তরে, ঘরের মাঠে জয়ের ধারা বজায় রেখে প্লে-অফের আশা আরও জোরালো করতে মরিয়া শুভমান গিলরা।

Advertisement

এবারের আসরে গুজরাতের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করেছিল পাঞ্জাব। ঘরের মাঠে প্রতিপক্ষকে ৩ উইকেটে বশ মানায় তারা। ফলে রবিবার গিলদের কাছে লড়াইটা প্রতিশোধের। তবে এই নিয়ে খুব একটা মাথা ঘামাতে নারাজ দলের কোচ আশিস নেহরা। বরং শেষ দু’ম্যাচে যেভাবে দল দাপটের সঙ্গে জিতে মাঠ ছেড়েছে, সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাঁদের। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছে গুজরাত। তবে রান রেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে তারা। তাই জয়ের পাশাপাশি সেই দিকটাতেও নজর দিতে হবে। গুজরাতের ব্যাটিংকে টানছেন গিল, সুদর্শন ও বাটলার। এখনও পর্যন্ত তিনজনের মিলিত রান ১০১০। কিন্তু মিডল অর্ডারে সেভাবে কেউই ভরসা জোগাতে পারেননি। ওয়াশিংটন সুন্দর, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়ারা প্রত্যাশা পূরণে ব্যর্থ। তাই জয়ের জন্য আরও একবার প্রথম তিন ব্যাটারের দিকেই তাকিয়ে টাইটান্স অনুরাগীরা। তুলনায় তাদের বোলিং অনেক বেশি শক্তিশালী। মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা, রশিদ খান, আরশাদ খানরা নিয়মিত উইকেট নিচ্ছেন। তার উপর গত ম্যাচে ব্যাটে-বলে নজর কাড়েন ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার।
পক্ষান্তরে, ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পাঞ্জাব। দলে প্রতিটি বিভাগেই তারকা ক্রিকেটারের ছড়াছড়ি। ব্যাটিংয়ে দুরন্ত ছন্দে আছেন শ্রেয়স আয়ার, প্রিয়াংশ আর্য, প্রভসিমরণ সিং, কুপার কনোলি। মিডল অর্ডারে নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টোইনিস, মার্কো জানসেনরা বড় শট খেলতে দক্ষ। বোলিংয়ে যুজবেন্দ্র চাহাল, জাভিয়ের বার্টলেট, জানসেনরা নিয়মিত উইকেট নিচ্ছেন। তবে অর্শদীপের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নামছে। তাই গুজরাত ম্যাচের আগে এই তরুণ পেসারের ছন্দে ফেরাটা খুবই জরুরি।

Advertisement
সম্পর্কিত সংবাদ