Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কমিটি গঠন করবে সরকার

বাংলায় লাগু হবে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। এই সংক্রান্ত বিল আগামী সোমবার বিধানসভায় পেশ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে কমিটি গঠন করবে সরকার
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় লাগু হবে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি। এই সংক্রান্ত বিল আগামী সোমবার বিধানসভায় পেশ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। বিলের বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। অভিন্ন দেওয়ানি বিধিতে সরকার কী ধরনের পদক্ষেপ করছে, সেটা জানার আগ্রহ আম জনতার। এই প্রেক্ষাপটেই শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ইউনিফর্ম সিভিল কোড বাংলায় হবে। তার জন্য একটি প্রসিডিয়োর বা পদ্ধতি আছে। একটি কমিটি গঠন করা হবে। গুজরাত, উত্তরাখণ্ড, অসমে যেভাবে নির্দিষ্ট পদ্ধতি মেনে হয়েছে, সেইভাবেই হবে। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, এক দেশ, এক আইন, এক বিধান হবে। ভাষা-সংস্কার-সংস্কৃতি আলাদা হতে পারে, কিন্তু এক নিয়মে দেশ চলবে। সেখানে কোনো কিন্তু বা পরন্তুর জায়গা নেই।

Advertisement

অন্যদিকে, তৃণমূল যখন বাংলার ক্ষমতায় ছিল, তখন তৎকলানীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে দেননি। এপ্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার পিছনে এখনকার রাজ্য সরকারের উদ্দেশ্যটা কী, সেটাই আমাদের প্রশ্ন। আমরা মনে করি, এটার একটাই উদ্দেশ্য, শুধু ধর্মীয় মেরুকরণকে জোরদার করা। এই নয়া বিধি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সবচেয়ে বেশি আঘাত করবে। আমাদের দেশ বৈচিত্রের মধ্যে ঐক্য। কিন্তু ইউনিফর্ম সিভিল কোড আমাদের সংবিধানকে লঙ্ঘন করে।
অন্যদিকে, আগামী সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ বিল আনা হচ্ছে। ওই বিলে অপরাধী, সমাজবিরোধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নিদান রয়েছে। এ নিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ওই বিলটি বিপদজ্জনক। কেননা অনুমানের ভিত্তিতে কাউকে আটকে আটকে রাখা কিংবা বিনা দোষে আটকে রাখা ঠিক হবে না। আর অপরাধী প্রমাণ হওয়ার আগেই সম্পত্তি বাজেয়াপ্ত করা হলে সেটাও ঠিক হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ