নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন প্রজন্মকে ডাকঘরমুখী করতে এন জেন পোস্ট অফিস তৈরিতে জোর দিচ্ছে কেন্দ্র। এরাজ্যেও সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানালেন ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। শুক্রবার তিনি বলেন, এরাজ্যে ইতিমধ্যেই পাঁচটি জায়গায় এন জেন পোস্ট অফিস চালু হয়েছে। সেই তালিকায় আছে আইআইটি খড়্গপুর, কল্যাণী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলদিয়ার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস।
অশোককুমার বলেন, আমরা আরও বেশি সংখ্যক এন জেন ডাকঘর বাড়াতে চাই। তার জন্য বড়ো শিক্ষা প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছি। ডাক বিভাগের দক্ষিণবঙ্গ সার্কেলের পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, নতুন প্রজন্মের পোস্ট অফিস খোলার ব্যাপারে বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে। বিশ্বভারতীর সঙ্গেও আলোচনা চলছে।
প্রসঙ্গত, এন জেন বা নেক্সট জেনারেশন পোস্ট অফিসগুলিতে যেমন সাধারণ ডাক পরিষেবাগুলির পাশাপাশি পার্সেল বুকিং বা সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত পরিষেবা মেলে, তেমনই ওয়াইফাই, টিভি, বসা বা আড্ডার জায়গা, চা বা কফি, ম্যাগাজিন প্রভৃতি পরিষেবা বা পরিকাঠামো রাখা হয়, যা নতুন প্রজন্মকে আকৃষ্ট করে। এদিন দপ্তরের কর্তারা জানান, ই-কমার্স ডেলিভারিসহ বিভিন্ন ধরনের পরিষেবার বহর বাড়িয়ে আয়ের পথ সুগম হচ্ছে পশ্চিমবঙ্গ সার্কেলে। চলতি ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম ছ’মাসে প্রায় ৬০০ কোটি টাকা আয় হয়েছে এখানে। গত অর্থবর্ষের ওই একই সময়ের নিরিখে বৃদ্ধির হার প্রায় ৩০ শতাংশ।



