


প্যারিস: ফরাসি ওপেন জয়ের পুরস্কার মূল্যের পুরোটা দেশে নিয়ে যেতে পারবেন না কার্লোস আলকারাজ। ফরাসি করের নিয়মের জাঁতাকলে পুরস্কার মূল্যের ৩০ শতাংশ হাতছাড়া হচ্ছে তাঁর। ফরাসি সরকার এই টাকাটা পাবে। এর ফলে আলকারাজ বাড়ি নিয়ে যাবেন ১.৪৯ মিলিয়ন পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৭ কোটিরও বেশি। শুধু স্প্যানিশ তারকাই নন, সমপরিমাণ কর দিতে হবে রানার্স আপ জানিক সিনারকেও।
রবিবার রোলাঁ গারোয় পুরুষদের ফাইনালে অসাধারণ জয় ছিনিয়ে নিয়েছেন আলকারাজ। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার লড়াই শেষে হারা ম্যাচ জিতে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর সিনারকে পাঁচ সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বশ মানান স্প্যানিশ তারকা। সেটাও প্রথম দুই সেট হারার পর। একসময় মনে হচ্ছিল, সিনারের জয় কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ম্যাচের রং বদলায় তৃতীয় সেট থেকে। তিনবার ম্যাচ পয়েন্ট বাঁচান আলকারাজ। এরপর আর খেলায় ফিরতে পারেননি ইতালিয়ান তারকা।
চ্যাম্পিয়ন হওয়ায় আলকারাজের হাতে ওঠে ২.১৩ মিলিয়ন পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা ২৪ কোটিরও বেশি টাকা। সিনার পাউন্ডের হিসাবে পান ১.০৭ মিলিয়ন। ভারতীয় মুদ্রায় তার পরিমাণ ১২ কোটিরও বেশি। কিন্তু ফ্রান্সের আয়করের নিয়ম অনুসারে, কোনও টেনিস খেলোয়াড় সে দেশ থেকে পুরস্কার মূল্য পেলে তার ৩০ শতাংশ সরকারকে দিতে হয়। ফলে ১.৪৯ মিলিয়ন পাউন্ড হাতে নিয়েই স্পেনে ফিরবেন আলকারাজ। পক্ষান্তরে, সিনারকেও দিতে হবে ৩০ শতাংশ কর। তবে এই অর্থ দেওয়ার পর দেশে ফিরে আর করের ঝক্কি সামলাতে হবে না কাউকেই। উল্লেখ্য, চলতি মরশুমে এখনও পর্যন্ত করের অর্থ বাদ দিয়ে আলকারাজ ২.৮ মিলিয়ন পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৩২ কোটিরও বেশি) পুরস্কার মূল্য ঘরে তুলেছেন।