সংবাদদাতা, আলিপুরদুয়ার: ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে বক্সার জঙ্গলে বাঘিনি ছাড়ার কথা। সেই কারণে আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর, চারদিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বনদপ্তর। সোমবার বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ এই নির্দেশিকা জারি করেছে। ফলে ওই চারদিন বক্সার জঙ্গলে জিপসি সাফারি থেকে শুরু পর্যটন সংক্রান্ত যাবতীয় কাজকর্ম বন্ধ থাকবে।
এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে সোমবার পর্যন্ত বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টে পছন্দের বাঘিনিকে ধরতে পারেনি বনদপ্তরের টিম। সোমবার দপ্তরের এক শীর্ষকর্তা জানান, বিহারের গণ্ডক নদীর জলস্ফীতিতে প্লাবিত হয়েছে বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টের বিস্তীর্ণ এলাকা। তবে ওই বনকর্তা জানান, সোমবার বাল্মীকি ফরেস্ট এলাকায় আবহাওয়ার অনেকটাই উন্নতি হয়েছে। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইতিবাচক কোনো ফল পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সেক্ষেত্রে পছন্দের বাঘিনিকে পাকড়াও করা না গেলেও একটি বাঘই আনা হতে পারে বক্সার জঙ্গলে ছাড়ার জন্য। তাই সময়াভাবে সড়কপথের বদলে আকাশপথেই বাঘ বা বাঘিনিটিকে আনা হবে।
বাল্মীকি ফরেস্ট থেকে ১২৫ কিমি দূরে গোরক্ষপুর বিমানবন্দর। সেখানে সেনাবাহিনীর কার্গো বিমানে করে হাসিমারা বায়ুসেনা বিমানবন্দরে রয়্যাল বেঙ্গল টাইগার আনা হবে। এদিকে, আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। সেখান থেকে বক্সায় রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়ার লাইভ ভিডিয়ো সম্প্রচার করা হবে। সব মিলিয়ে বনদপ্তরে এখন সাজো-সাজো রব। কিন্তু, তারপরেও যতক্ষণ না বাঘ ধরা পড়ছে, ততক্ষণ পর্যন্ত উদ্বেগ যাচ্ছে না বনকর্তাদের।