Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০, যাত্রা শুরু অধিনায়ক শ্রেয়সের

আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার। নতুন যুগের সূচনা, বিস্তারিত পড়ুন।

আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০, যাত্রা শুরু অধিনায়ক শ্রেয়সের
  • ২৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বেলফাস্ট: বিশ্বকাপ জেতার পর প্রথমবার টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারত। আয়ারল্যান্ড সফরে মোট দু’টি ম্যাচ খেলবে মেন ইন ব্লু। শুক্রবার বেলফাস্টে মাঠে নামার আগে চর্চার কেন্দ্রে শ্রেয়স আয়ার। বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবকে দল থেকে বাদ দিয়ে এই মিডল অর্ডার ব্যাটারের হাতে তুলে দেওয়া হয়েছে টি-২০ দলের দায়িত্বভার। আইরিশদের বিপক্ষে শ্রেয়স যুগের সূচনা কেমন হয়, সেটাই দেখার।

Advertisement

প্রথম টি-২০’তে নজর থাকবে বৈভব সূর্যবংশীর উপরও। জাতীয় দলের জার্সিতে অভিষেকের প্রতীক্ষায় বিস্ময় কিশোর। শুক্রবার বৈভব মাঠে নামলে রচিত হবে ইতিহাস। শচীন তেন্ডুলকরকে (১৬ বছর ২০৫ দিন) ছাপিয়ে ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৫ বছর ৯১ দিন বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়বে বিধ্বংসী ওপেনার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কার জায়গায় খেলানো হবে সূর্যবংশীকে। দেশের হয়ে শেষ টি-২০ অর্থাৎ আমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে টপ অর্ডারের সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা ও ঈশান কিষান হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন। সদ্যসমাপ্ত আইপিএলেও দুরন্ত ছন্দে ছিলেন এই ত্রয়ী। ক্যাপ্টেন শ্রেয়স দলে আসায় মিডল অর্ডারেও জায়গা নেই। ডেপুটি তিলকও ফর্মে। একটাই উপায় আছে, সঞ্জুকে আবার ছয় নম্বরে পাঠিয়ে বৈভবকে দিয়ে ওপেন করানো। বোলিং বিভাগে টিম ইন্ডিয়াকে ভরসা জোগাবেন অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, প্রিন্স যাদব, অক্ষর প্যাটেলরা। পক্ষান্তরে, নতুন অধিনায়ক লরকান টাকারের নেতৃত্বে আয়ারল্যান্ড হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে মরিয়া। তবে এই ম্যাচে পল স্টার্লিং, জস লিটলের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা খেলতে পারবেন না।
 খেলা শুরু সন্ধ্যা ৬টায়। সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ