প্রেমের ছবি পরিচালনা করছেন পরিচালক এম এন রাজ। তাঁর নতুন ছবি ‘জন্নত’-এ জুটি বাঁধছেন অভিনেতা গৌরব ও রূপসা মুখোপাধ্যায়। প্রকাশ্যে এল চরিত্রের প্রথম লুক। ভিনধর্মী এক যুগলের গল্প উঠে আসবে পর্দায়। ছবিতে গৌরবকে দেখা যাবে ‘রাহুল’ চরিত্রে। রূপসা থাকছেন ‘জান্নাত’-এর ভূমিকায়। মেয়েটি চাকরি করে। অন্যদিকে রাহুল বেকার। হঠাৎ একদিন ঘটনাচক্রে রাহুলের সঙ্গে জান্নাতের দেখা হয়। সেই পরিচয় ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু তাদের এই ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় জান্নাতের ভাই। এভাবেই এগবে ছবির গল্প। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সুপ্রিয় দত্ত, তুলিকা বসু, দেবরঞ্জন নাগ প্রমুখ। ছবির মিউজিকের দায়িত্বে রয়েছেন আয়ুষ দাস। গান গেয়েছেন রাজ বর্মন, ঈশান মিত্র, অঙ্কিতা ভট্টাচার্য প্রমুখ শিল্পী। সব ঠিক থাকলে চলতি বছর নভেম্বরে বড়োপর্দায় মুক্তি পাবে ছবিটি।



