অন্নপূর্ণা যোজনার টাকায় পাড়ায় প্রথমবার পুজোর সূচনা
  • ১৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: এতদিন পাড়ায় অন্যান্য ছোটবড় অনুষ্ঠান হলেও দুর্গাপুজো ছিল না। প্রতিমা দর্শন হোক বা পুস্পাঞ্জলি দিতে যেতে হত দূরের মণ্ডপে। বয়স্ক মানুষ ও শিশুদের কথা ভেবে এলাকার মহিলারা দুর্গাপুজো করতে উদ্যোগী হলেন। অন্নপূর্ণা যোজনার টাকা জমিয়ে শুরু করলেন দুর্গাপুজো। বোলপুর থানার কদমতলায় এবারই প্রথম দুর্গাপুজোর। আয়োজনে মাত্র ২০ থেকে ২৫ জন মহিলা। তাঁদের এই উদ্যোগে শামিল হয়েছেন পাড়ার বাসিন্দারাও। পুজোর জন্য মিলেছে সরকারি অনুদানও।

Advertisement

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মহিলাদের আর্থিক সহায়তার জন্য চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। সেই প্রকল্পের টাকা থেকেই নিজেদের পুজোর খরচ জোগানোর পরিকল্পনা করেন কদমতলার মহিলারা। কারও একার উদ্যোগে সম্ভব নয়। তাই সকলের অল্প অল্প সঞ্চয় ও সম্মিলিত প্রচেষ্টাতেই শুরু হল পুজো। প্রথম বছরেই তাঁদের উদ্যোগ নজর কেড়েছে এলাকার বাসিন্দাদের।
আয়োজকদের থেকে জানা গিয়েছে, পাড়ায় দুর্গাপুজো না থাকায় এতদিন প্রতিমা দর্শনের জন্য অন্য এলাকায় যেতে হত। তাঁরা বয়স্ক মানুষ ও ছোটদের কথা ভেবেই নিজেদের পাড়ায় পুজো শুরুর পরিকল্পনা করেন। সেই ভাবনা থেকেই পাড়ার কিছু মহিলা একজোট হন। পাড়ার সংলগ্ন ক্লাব ও বাসিন্দারাও তাঁদের পাশে দাঁড়িয়েছেন। বাড়ির কাজের পাশাপাশি সম্মিলিত হয়ে তারা পুজোর কাজেও হাত লাগিয়েছেন। পুজোর অন্যতম উদ্যোক্তা পূজা চৌধুরী ও ঊষা বাউরি বলেন, এবারই প্রথম আমরা দুর্গাপুজো শুরু করলাম। আগামী দিনে এই পুজো এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। সকলের মিলিত প্রয়াসেই এই পুজোর আয়োজন।
প্রথমবারের এই আয়োজনে খুশি কদমতলার বাসিন্দারা। মহিলাদের উদ্যোগে পাড়ায় দুর্গাপুজো শুরু হওয়ায় উৎসবের আনন্দও বেড়েছে। তাঁরা আর্থিক সহায়তা ও নিজেদের উদ্যোগে এলাকার সর্বজনীন উৎসবের সঙ্গে যুক্ত করে নজির গড়েছেন।