Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রোনাল্ডোর সঙ্গে লড়াইটা কখনওই ব্যক্তিগত ছিল না: মেসি

২০০৮ থেকে ২০২৩— টানা ১৫ বছর তাঁরা ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই পর্বে বর্ষসেরা ফুটবলারের দৌড়েও দাপট ছিল তাঁদের। ১৫বারের মধ্যে ১৩বারই ব্যালন ডি’ওর জিতেছেন লায়োনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

রোনাল্ডোর সঙ্গে লড়াইটা কখনওই ব্যক্তিগত ছিল না: মেসি
  • ১০ মে, ২০২৬ ০৬:২৬
Prefer us on Google

বুয়েনস আইরেস: ২০০৮ থেকে ২০২৩— টানা ১৫ বছর তাঁরা ছিলেন একে অপরের প্রতিদ্বন্দ্বী। এই পর্বে বর্ষসেরা ফুটবলারের দৌড়েও দাপট ছিল তাঁদের। ১৫বারের মধ্যে ১৩বারই ব্যালন ডি’ওর জিতেছেন লায়োনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর মধ্যে আর্জেন্তাইন মহাতারকার ঝুলিতে রয়েছে ৮টি। আর সিআরসেভেন সফল হয়েছেন ৫ বার। তবে কাকতালীয়ভাবে দু’জনেই ২০২৩ সালে ইউরোপের পাঠ চুকিয়ে পাড়ি দেন ভিন্ন মেরুতে। রোনাল্ডো সই করেন সৌদি আরবের আল নাসেরে। আর লিও যোগ দেন ইন্তার মায়ামিতে। তবে আজও ফুটবল বিশ্ব এই দুই মহাতারকাকে নিয়ে দ্বিধাভক্ত। আর চলতি বছরেই সম্ভবত শেষবারের মতো একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামতে পারেন মেসি ও রোনাল্ডো। সব কিছু ঠিক থাকলে, আসন্ন বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি হওয়ার কথা আর্জেন্তিনা ও পর্তুগালের। তার আগে আরও একবার রোনাল্ডোর সঙ্গে দ্বৈরথ নিয়ে মুখ খুললেন লিও মেসি।

Advertisement

দেশের এক পডকাস্টে সাক্ষাৎকারে আর্জেন্তাইন মহাতারকা বলেন, ‘রোনাল্ডোর সঙ্গে দ্বৈরথটা সবসময় উপভোগ করতাম। একে অপরকে সেরাটা মেলে ধরার জন্য মুখিয়ে থাকতাম। তবে আমাদের মধ্যে কোনও ব্যক্তিগত লড়াই ছিল না। দু’জনেই চাইতাম, দলকে সাফল্য এনে দিতে।  একে অপরের প্রতি এক শ্রদ্ধা কাজ করত। হয়তো মাঠের বাইরে আমাদের খুব বেশি দেখা হয়নি। মাঠেও খুব কম কথা বলতাম। তবে সবসময় চেষ্টা করেছি, একে অপরের প্রতি সম্মান বজায় রাখার।’ এদিন নেইমারের সঙ্গে তাঁর বন্ধুত্ব নিয়েও মুখ খোলেন মেসি। একইসঙ্গে তিনি চান, বিশ্বকাপে খেলুক ব্রাজিলের ‘পোস্টার বয়’। তাঁর সংযোজন, ‘নেইমারের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমরা প্রায়ই কথা হয়। আমি জানি, ও বিশ্বকাপে খেলার জন্য কতটা উদগ্রীব। তাছাড়া ওর মতো তারকা ফুটবলারকে ছাড়া বিশ্বকাপ অসম্পূর্ণ থাকবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ