Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্গাপুজোর ভাগ্য নির্ধারিত হবে লটারিতে!

আগের সরকারের আমলে দুর্গাপুজো করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল ‘নিউটাউন সনাতনী দুর্গাপুজো’ কমিটিকে

দুর্গাপুজোর ভাগ্য নির্ধারিত হবে লটারিতে!
  • ৭ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: আগের সরকারের আমলে দুর্গাপুজো করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল ‘নিউটাউন সনাতনী দুর্গাপুজো’ কমিটিকে। পালাবদলের পর ওই কমিটিকে কোনো সমস্যার সম্মুখীন হতে  না হলেও, পুজো আয়োজনের জন্য এবার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে নিউটাউনে অন্য একজোড়া কমিটিকে! তার মধ্যে উচ্চআদালতের নির্দেশে একটি পুজো কমিটির ভাগ্য নির্ধারিত হবে লটারির মাধ্যমে! আর একটি কমিটি অবশ্য উচ্চ আদালতের নির্দেশে পুজো করার সবুজ সংকেত পেয়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব নিয়ে এহেন ঘটনায় এলাকায় শোরগোল ছড়িয়েছে। 

Advertisement

নিউটাউনের সিসি ব্লকের দুর্গাপুজোর ভাগ্য নির্ধারণ হতে চলেছে লটারির মাধ্যমে! পুজোর আয়োজন নিয়ে দুই গোষ্ঠীর বিবাদকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। পুজোকে কেন্দ্র করে নিউটাউন সিসি ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও প্রতিবেশী   আরেকটি গোষ্ঠীর সংঘাত চরম আকার ধারণ করায় জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। সেই মামলার শুনানির পর হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, কোন গোষ্ঠী পুজো আয়োজনের দায়িত্ব পাবে, তা লটারির মাধ্যমে চূড়ান্ত হবে।
মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, পুজোর বার্ষিক খরচের আনুমানিক হিসাব জমানা দেওয়ায় আয়োজকদের হিডকোর জমিতে পুজো করার অনুমোদন বাতিল করে দেয় নিউটাউন কলকাতা ডেভলেপমেন্ট অথিরিটি (এনকেডিএ) কর্তৃপক্ষ। এরপর ওই জায়গাতেই দুর্গাপুজো করার দাবিতে স্থানীয় দুইগোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়। মামলা যায় হাইকোর্টে। সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রাও জানিয়েছেন, লটারি প্রক্রিয়া সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেবেন এস্টেট ম্যানেজার। কোথায়, কখন এবং কীভাবে লটারি হবে, দুই গোষ্ঠীর তরফে কারা উপস্থিত থাকতে পারবেন, সে ব্যাপারেও যাবতীয় দায়িত্ব দেওয়া হয়েছে এস্টেট ম্যানেজারকেই। তাই লটারির আগে এস্টেট ম্যানেজারকে দুই গোষ্ঠীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে হবে। সেই সঙ্গে পুজোকে কেন্দ্র করে এলাকায় যাতে আইনশৃঙ্খলাজনিত কোনো সমস্যা না হয়, সেদিকে পুলিশকে কড়া নজর রাখতে হবে বলেও নির্দেশে উল্লেখ করেছেন বিচারপতি রাও।
অন্যদিকে, ‘নিউটাউন প্রকৃতি বান্ধব সমিতি’ও পুজোর আয়োজন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কমিটির দাবি, এবার এই পুজো এবার ছ’বছরে  পা দিচ্ছে। জুলাই মাসে আবেদন করা হয় এনকেডিএর কাছে। এনকেডিএ থেকে জানানো হয়, পুজোর এনওসি পেতে গেলে বিধায়কের অনুমতিপত্র লাগবে! পরে থানা থেকে জানানো হয় ওই একই জায়গায় আর একটি নতুন কমিটিকে পুজোর এনওসি দেওয়া হয়েছে। তারপরই হাইকোর্টে মামলা করে নিউটাউন প্রকৃতি বান্ধব সমিতি। এই পুজো কমিটির তরফে স্বপন চক্রবর্তী বলেন, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে শুনানি ছিল। হিডকো আমাদের ল্যান্ড এলোট করে দিয়েছে। আদালত এনকেডিএকে নির্দেশ দিয়েছে, ইমিডিয়েট এনওসি দিয়ে দিতে। আদালতের নির্দেশেই আমরা পুজো করার সুযোগ পেলাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ