নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ নিয়ে ইডির বিরুদ্ধে কালীঘাট তৃণমূলের দায়ের করা মামলায় রায়দান স্থগিত রাখল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। সোমবার কালীঘাট তৃণমূলের দায়ের করা এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে ইডি। কোন এক্তিয়ারে কালীঘাট শিবির এই মামলা করেছে, জানতে চাওয়া হয়েছে। এমনকি, কালীঘাট তৃণমূলের কাছে দলীয় সংবিধানও দেখতে চেয়েছে কেন্দ্রীয় সংস্থা। ইডির আইনজীবী এস ভি রাজু আদালতে জানতে চান, তৃণমূলের এই মামলার অনুমোদনপত্র কোথায়? কার অনুমোদনের ভিত্তিতে তারা এই মামলা করেছে? শুনানি শুরু হওয়ার আগেই সেই অনুমোদনপত্র দেখতে চায় কেন্দ্রীয় সংস্থা। কালীঘাট তৃণমূলের হয়ে এই মামলার সওয়াল করছেন আইনজীবী কিশোর দত্ত। তাঁর কাছে অনুমোদনের বিষয়টি জানতে চান বিচারপতি রাও। কীসের অধিকারের ভিত্তিতে এই মামলা করা হয়েছে, প্রশ্ন করা হয়। এর পরেই দলের সংবিধান দেখতে চান ইডির আইনজীবী। তৃণমূলের তরফে তা নিয়ে আসার জন্য কিছুটা সময় চাওয়া হয়। এদিকে, এই মামলার পার্টি হওয়ার জন্য আবেদন জানান বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি রাও। তিনি জানান, তৃণমূলের কর্তৃত্বের বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন, তাই আদালত এখনই এর মধ্যে ঢুকতে চায় না।



