শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: বেআইনি অনুপ্রবেশ নিয়ে কড়া রাজ্য। এলাকার কোথাও অবৈধ অনুপ্রবেশকারী ঘাঁটি গেড়েছে কিনা তাই নিয়ে সমস্ত থানাকে অনুসন্ধানের নির্দেশ দিলেন রাজ্য পুলিশের ডিজি। সন্দেহভাজন কাউকে মনে হলে সংশ্লিষ্টের নথি পরীক্ষা করবেন থানার অফিসাররা। যাচাইয়ের পর নথি ভুয়ো ধরা পড়লে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবারই রাজ্যে ধরা পড়েছে পাক জঙ্গি। নাম পরিচয় বদলে ঘাঁটি গেড়েছিল কলকাতায়। এখান থেকেই তৈরি করেছিল ভুয়ো আধার, ভোটার কার্ড। তার কয়েকদিন আগেই পাকিস্তানের ভাট্টি গ্যাংয়ের তিন সদস্য ধরা পড়ে। বর্ধমানের বাসিন্দা শামিম মণ্ডলের কাছে নির্দেশ এসেছিল তার কাছে বাংলাদেশ থেকে ভাট্টি গ্যাংয়ের সদস্যরা আসবে। এখানে তাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে। আধার, ভোটার কার্ড তৈরি করে দেওয়ার কথা বলা হয়েছিল। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বারবার এই রাজ্যে আশ্রয় নিচ্ছে। এখান থেকে তৈরি করছে ভারতীয় নথি। যার ভিত্তিতে তৈরি হচ্ছে ভারতীয় পাসপোর্ট। এই পাসপোর্ট নিয়ে তারা বিদেশে কাজ করতে চলে যাচ্ছে। আবার ভারতীয় নথি তৈরির পর বছরের পর বছর ধরে এখানে বসবাস করছে। বিদেশি হয়ে ভারতে নির্বাচনে ভোট দিচ্ছে। বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা নিচ্ছে। কেউ কেউ জঙ্গিদের স্লিপার সেল চালাচ্ছে। সেই কারণেই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে রাজ্য।
নবান্ন থেকে পুলিশের কাছে নির্দেশ এসেছে এলাকায় এলাকায় অনুপ্রবেশকারী রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এরজন্য স্থানীয় থানাগুলিকে বিশেষ দায়িত্ব নিতে হবে। এরপরই রাজ্য পুলিশের ডিজি সমস্ত থানাকে নির্দেশ দিয়েছেন অনুপ্রবেশকারী খোঁজার উপর বিশেষ জোর দিতে হবে। থানার পুলিশ কর্মীদের এলাকায় ঘুরে অনুসন্ধান করতে হবে কোথায় কোনও অনুপ্রবেশকারী বাস করছে কিনা। স্থানীয়দের কাছ থেকে এই তথ্য সংগ্রহ করতে হবে। যদি কাউকে সন্দেহভাজন মনে হয় তাহলে সংশ্লিষ্টের যাবতীয় নথি যাচাই করবেন অফিসাররা। সেগুলি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে জেনে নিতে হবে এগুলি জাল না আসল। যদি নকল হয় তাহলে তিনি কোথা থেকে এই নথি পেলেন সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন থানার অফিসারা। তার ভিত্তিতে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেবেন তাঁরা।এই বিষয়টি সমস্ত দপ্তরে জানিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।