Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

টিএমসিপির প্রতিষ্ঠা দিবস সফল করতে তৎপর তৃণমূলের দুই শিবির, ঋতব্রতদের ভরসা জুন অনুগামীরাই

২১ জুলাইয়ের পর এবার ২৮ আগস্টেও সম্মুখ-সমরে তৃণমূলের দুই শিবির! ওইদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস

টিএমসিপির প্রতিষ্ঠা দিবস সফল করতে তৎপর তৃণমূলের দুই শিবির, ঋতব্রতদের ভরসা জুন অনুগামীরাই
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: ২১ জুলাইয়ের পর এবার ২৮ আগস্টেও সম্মুখ-সমরে তৃণমূলের দুই শিবির! ওইদিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। কালীঘাটপন্থী ও ঋতব্রত, তৃণমূলের দুই শিবিরের তরফেই কলকাতায় দিনটি পালন করা হবে বলে জানা গিয়েছে। সভা সফল করতে পশ্চিম মেদিনীপুরে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই শিবিরই। ইতিমধ্যেই বিভিন্ন কলেজের মমতাপন্থী ছাত্রদের নিয়ে ছোট ছোট প্রস্তুতি সভা করছেন কালীঘাটপন্থী তৃণমূলের নেতারা। নেতৃত্ব দিচ্ছেন খড়্গপুরের বর্ষীয়ান তৃণমূল নেতা জহর পাল। অন্যদিকে, ঋতব্রত-শিবিরের ভরসা এনসিপিআই সাংসদ জুন মালিয়ার অনুগামীরাই। মঙ্গলবার ঋতব্রত শিবিরের জেলা সভাপতি প্রদীপ সরকার জানান, জেলায় ছাত্রছাত্রীদের নেতৃত্ব দেবেন আমাদের ছাত্রনেতা রবীন্দ্রনাথ ঘোষ। এই রবীন্দ্রনাথকেই আবার কিছুদিন আগে এনসিপিআই সাংসদ জুনের সঙ্গে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাঁথির বাড়িতে। স্বাভাবিকভাবেই তাঁদের কটাক্ষ করতে ছাড়ছেন না জেলার আদি তৃণমূলের নেতারা।

Advertisement

একদা মমতা-ঘনিষ্ঠ মেদিনীপুরের সাংসদ জুন ভোটের ফল বেরোনোর পরই ‘বিদ্রোহী’ শিবিরে নাম লেখান। পরে জুন সহ ২০ জন সাংসদ যোগ দেন বিজেপির ‘বি-টিম’ এনসিপিআইতে। সম্প্রতি জুন দেবী কাঁথিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়িতে গিয়ে তাঁর বাবা শিশির অধিকারীর ‘আশীর্বাদ’ও নিয়েছেন। সেইসময় জুনের সঙ্গেই ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের ‘বিদায়ী’ জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। জেলা থেকে ছাত্রদের নিয়ে যেতে এই রবীন্দ্রনাথের উপরই ‘ভরসা’ করছেন প্রদীপরা। রবীন্দ্রনাথ নিজে যদিও এদিন বলেন, ‘এখনই এই বিষয়ে কিছু বলছি না!’ তবে তিনি যে সাংসদ জুন মালিয়ার সঙ্গেই আছেন, তা অবশ্য স্পষ্ট করে দিয়েছেন রবীন্দ্রনাথ। জুন, প্রদীপ, রবীন্দ্রনাথদের কটাক্ষ করে এদিন কালীঘাটপন্থী তৃণমূলের নেতা জহরবাবু বলেন, ‘এনসিপিআই বলুন আর ঋতব্রত-তৃণমূল, এসব আসলে বিজেপিরই সৃষ্টি। তবে, নিজেদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁরা বিশ্বাসঘাতকতা করেছেন, দলের কর্মী থেকে ছাত্র-যুবরা কখনই তাঁদের সঙ্গে থাকবেন না। এর প্রমাণ ওঁরা একুশে জুলাই পেয়ে গিয়েছেন। আবারও একবার বৃথা চেষ্টা করছেন। ওঁদের সভা এবারও ফ্লপ হবে।’ তাঁর সংযোজন, ‘দলনেত্রীর নির্দেশে আমরা জেলার বিভিন্ন প্রান্তের ছাত্র-যুবদের সংগঠিত করার চেষ্টা করছি। ২৮ আগস্ট অন্তত দুই শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে কলকাতায় রওনা দেব।’ তবে কলকাতার কোথায় সভা হবে, তা অবশ্য এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন জহরবাবু। ঋতব্রত-শিবিরের তরফে প্রদীপ সরকার বলেন, ‘সভাস্থলের বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছেন। তবে, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মর্যাদার সঙ্গেই পালন করা হবে।’  কাঁথিতে মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ।-ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ