রামলীলা ময়দানের বুকিং চার্জ দৈনিক ১ লক্ষ ২১ হাজার, ফাঁকা শুধুমাত্র বছরের শেষ ৩ দিন, দিল্লির তিন নয়া প্রতিবাদস্থলের ভাড়া আকাশছোঁয়া
  • ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রতিবাদের গুঁতোয় নাজেহাল দিল্লি পুলিশ ‘তালা’ ঝুলিয়েছে যন্তরমন্তরে। পুলিশ কমিশনার অনুরাগ কুমার বিজ্ঞপ্তি দিয়ে এই ঐতিহাসিক প্রতিবাদস্থলকে ‘ডি-নোটিফাই’ ঘোষণা করেছেন। অর্থাৎ, যন্তরমন্তরে যে কোনো ধরনের প্রতিবাদ-বিক্ষোভ-ধরনা এখন ‘বেআইনি’। বিকল্প বিক্ষোভস্থল হিসাবে তিনটি জায়গার নাম ঘোষণা করেছে দিল্লি পুলিশ। রামলীলা ময়দান, সিবিডি গ্রাউন্ড ও বুরারি গ্রাউন্ড। কিন্তু সেই স্থানগুলি কি আদৌ ‘সহজলভ্য’? মোটেও না। প্রথমত, যন্তরমন্তর সম্পূর্ণ ফ্রি হলেও অন্য তিনটি জায়গার জন্য বিস্তর আর্থিক ভার বহন করতে হয়। দ্বিতীয়ত, বুকিংয়ের ঝঞ্ঝাট। ইচ্ছামতো দিনে ভাড়া পাওয়া মোটেও সহজসাধ্য নয়। সরকারি সূত্রে খবর, রামলীলা ময়দান ভাড়া নিতে দিন প্রতি প্রায় ১ লক্ষ ২১ হাজার টাকার ধাক্কা। শুধু তাই নয়, চলতি বছরে রামলীলা ময়দান বুকিংয়ের জন্য খালি রয়েছে সাকূল্যে তিনটি দিন। তাও আবার বছরের একেবারে শেষলগ্নে— ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর। ফলে, সিজেপি থেকে বিরোধী ‘ইন্ডিয়া’ শিবির কেউ চাইলেই অবিলম্বে এই ময়দানে জমায়েত করতে পারবে না। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, ১২ একরের রামলীলা ময়দানে একসঙ্গে ৫০ হাজারের জমায়েত সম্ভব। পুরানো দিল্লির এই স্থানটি বুকিং হয় দিল্লি কর্পোরেশনের উদ্যানপালন দপ্তরের মাধ্যমে। বুকিংয়ে আগে দিল্লি পুলিশের নো-অবজেকশন সার্টিফিকেট ও পুরসভার ছাড়পত্র বাধ্যতামূলক। আর খরচ? বুকিংয়ের জন্য দিন প্রতি ভাড়া লাগে ৫০ হাজার টাকা। সঙ্গে ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট আরও ৫৫ হাজার টাকা। এর সঙ্গে কর যুক্ত হওয়ার পর প্রতিদিনের খরচ গিয়ে দাঁড়ায় প্রায় ১ লক্ষ ২১ হাজার টাকায়।

Advertisement

বাকি দুই বিকল্প স্থান পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড এবং উত্তর দিল্লির বুরারি গ্রাউন্ড যন্তরমন্তর তথা সংসদ ভবন লাগোয়া এলাকা থেকে যথাক্রমে প্রায় ১৫ কিমি এবং ২০ কিমি দূরে! ফলে, বিরোধী শিবিরের কাছে সেগুলি কোনোকালেই পছন্দসই বিকল্প নয়। আবার এক্ষেত্রেও বুকিংয়ের ঝক্কি ও আর্থিক বোঝা যথেষ্ট। ৩ হাজার বর্গমিটারের সিবিডি গ্রাউন্ড দিল্লি উন্নয়ন পর্ষদের (ডিডিএ) অধীনে। এই মাঠ ভাড়া নেওয়ার খরচ রামলীলা ময়দানের থেকেও বেশি। দিনপ্রতি লাগে ১ লক্ষ ৮৭ হাজার টাকা। এর মধ্যে সিকিউরিটি চার্জ ৯৫ হাজার টাকা। বুরারি গ্রাউন্ডের বুকিং ফি কত, তার উল্লেখ ডিডিএ-র ওয়েবসাইটে নেই। কারণ, সেই প্রক্রিয়া অফলাইনে হয়। তবে খরচ বাকি দু’টি জায়গার তুলনায় কোনো অংশে কম নয় বলেই খবর।