Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুটবলে মাতোয়ারা শহর, রাত জেগে টিভিতে চোখ, জার্সি কেনার ধুম

কলকাতায় ফুটবল উত্সবের আমেজ, রাত জেগে জার্সি কিনছেন সমর্থকরা। ব্রাজিল-আর্জেন্তিনার পতাকা ও খেলার উন্মাদনা ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন।

ফুটবলে মাতোয়ারা শহর, রাত জেগে টিভিতে চোখ, জার্সি কেনার ধুম
  • ১৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে যেন উত্সবের আমেজ। রাত দেড়টা হোক বা সাড়ে তিনটে— কোনো পাড়ার গলিতে কান পাতলে শোনা যাচ্ছে ফুটবলের ধারাভাষ্য। পাড়ায় পাড়ায় রাজনৈতিক পতাকার জায়গা নিয়েছে ব্রাজিল-আর্জেন্তিনা-জার্মানি-ফ্রান্স-পর্তুগালের পতাকা। এমনকি, ফিকে হয়ে যাচ্ছে ভোটের দেওয়াল লিখন। বিরাট বড়ো ফ্লেক্সে শুধুই ফুটবল তারকাদের ছবি। 

Advertisement

দুর্গাপুজোর সময় যেমন এলাকার নাম একডালিয়া, শ্রীভূমি কিংবা চেতলা অগ্রণী হয়ে যায়, তেমনই এখন এলাকার নাম ফিফা গলি, কোনোটা ব্রাজিল পাড়া, কোথাও আবার আর্জেন্তিনা পাড়া। দুর্গাপুজোর সময় যেমন নিউ মার্কেট, গড়িয়াহাট কিংবা হাতিবাগানে নতুন জামা কেনার হিড়িক পড়ে, এই বিশ্বকাপও আলাদা কিছু নয়। গত এক সপ্তাহ ধরে ময়দান মার্কেটের ভিতরে কার্যত তিল ধারণের জায়গা নেই। ঘেমে নেয়ে প্রিয় দলের জার্সি কিনে, সেই জার্সির পিঠে প্রিয় খেলোয়াড় কিংবা নিজের নাম লিখে নেওয়ার ধুম পড়েছে। তার সঙ্গে পতাকা কেনা তো চলছেই। হাওড়া থেকে আসা ব্রাজিলের সমর্থক অনুষ্টুপ সাহা বলছিলেন, ‘আমাদের কাছে এই ফুটবল বিশ্বকাপ উত্সবের চেয়ে কম কিছু নয়। ইষ্টবেঙ্গল এবার লিগ জিতেছে। ব্রাজিলের সপ্তমবার জয় হয়ে গেলেই শান্তি।’ ভিড়ের মধ্যে দোকানিরাও হাঁক ডাক জুড়েছেন। ‘ব্রাজিল আছে! আর্জেন্তিনা আছে!’ ডাকতে ডাকতে এক দোকানি বলছিলেন, ‘যে হারে চাহিদা রয়েছে, তত সাপ্লাই নেই জার্সির। থাইল্যান্ড, চীন থেকে ভালো জার্সি আসছে না।’ 
এদিকে, রাত জেগে পাড়ার গলি সাজানোর কাজ চলছেই। মিনার্ভা থিয়েটারের কাছে ফকির চক্রবর্তী লেনে উত্তর কলকাতা দিশারী ক্লাব তৈরি করে ফেলেছে ‘ফিফা গলি’। ক্লাবের সদস্য শুভজিত্ গুঁইন বলছিলেন, ‘এবার আমাদের থিম নেইমার, রোনাল্ডো ও মেসি। পাড়ার সব লোক মিলেই দেওয়ালে, রাস্তায় ছবি আঁকছে। শুধু কলকাতা বা দেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা নন, বিদেশ থেকেও সাংবাদিকরা আসছেন ‘ফিফা গলি’ কভার করতে। গভীর রাত পর্যন্ত পাড়ার সকলে মিলে এখানে খেলা দেখি।’ দিশারী ক্লাবের পাশে ঢুলিপাড়াও সেজে উঠেছে বিশ্বকাপে। সেখানে আবার বিশ্বকাপের গান চলছে সারাক্ষণ। বেলেঘাটা, আহিরীটোলার বিভিন্ন এলাকায় ছড়িয়েছে উন্মাদনা।
এদিকে, দক্ষিণ কলকাতার পাটুলি, গাঙ্গুলিবাগান সেজে উঠেছে বিশ্বকাপের আবহে। গাঙ্গুলিবাগানে ৩০ ফুটের বিশালাকার এলইডি টিভি বসানো হচ্ছে। রাত জেগে কেউ খেলা দেখতে না পারলে পরের দিন সকালে সেই খেলা পুনঃসম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে বলে খবর। 
শহরজুড়ে ‘ফুটবল ফিভার’-এ ইতিমধ্যেই ভেসে গিয়েছে বাঙালি। এইসব পাড়া সাজানো কিংবা জার্সি কেনার মাঝে যে কোনো মুহূর্তে ঝগড়াও লেগে যাচ্ছে। ব্রাজিল যে প্রথম খেলায় জিততে পারল না, সেই কটাক্ষ ইতিমধ্যেই শুনতে হয়েছে ব্রাজিল সমর্থকদের। প্রারম্ভিক ম্যাচ হতাশ করেছে তাদের। এদিকে, অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর্জেন্তিনার সমর্থকরা। কবে তাঁদের প্রিয় দল মাঠে নামবে! রোনাল্ডোর ভক্তরা আবার পর্তুগালকে নিয়ে আশায় বুক বাঁধছেন। ফ্রান্স-জার্মানিও পিছিয়ে নেই। বিকোচ্ছে তাদের জার্সিও। তাদের সমর্থকের সংখ্যা তুলনায় কম হলেও তাকিয়ে রয়েছেন প্রিয় দলের খেলার দিকে। আপাতত, বাঙালি লাল-সবুজ-গেরুয়াকে সরিয়ে রেখে শুধুই মত্ত ব্রাজিল-আর্জেন্তিনা ইত্যাদিতে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ