Bartaman Logo
২৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বাধ্যতামূলক ইপিএফের বেতনসীমা বাড়ানোর সার্কুলার এখনও আসেনি, চরম বিপাকে বহু বেসরকারি সংস্থা

ইপিএফ অর্গানাইজেশনের সঙ্গে পিএফ আঞ্চলিক কার্যালয়গুলির সমন্বয়ের অভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে।

বাধ্যতামূলক ইপিএফের বেতনসীমা বাড়ানোর সার্কুলার এখনও আসেনি, চরম বিপাকে বহু বেসরকারি সংস্থা
  • ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইপিএফ অর্গানাইজেশনের সঙ্গে পিএফ আঞ্চলিক কার্যালয়গুলির সমন্বয়ের অভাব ক্রমেই স্পষ্ট হচ্ছে। অভিযোগ, দু’পক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাধ্যতামূলক ইপিএফের বেতনসীমা মাসে ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা, প্রতিষ্ঠানের অতিরিক্ত প্রায় ৫১ লক্ষ কর্মচারী ইপিএফের আওতায় আসবেন বলে দাবিও করেছে শ্রমমন্ত্রক। কিন্তু একে কেন্দ্র করেই বৃদ্ধি পাচ্ছে বিভ্রান্তি। অভিযোগ, রাজ্যে রাজ্যে বিভিন্ন আঞ্চলিক পিএফ কার্যালয়গুলির পক্ষ থেকে তাদের আওতাভুক্ত বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানকে স্পষ্টই জানিয়ে দেওয়া হয়েছে, এখনও আনুষ্ঠানিকভাবে তারা এ সংক্রান্ত ‘সার্কুলার’ পায়নি। সেই কারণে আগের মতো ১৫ হাজার টাকার উপরই কর্মীদের পিএফ কন্ট্রিবিউশন কাটানো হবে নাকি নতুন নিয়মে ২৫ হাজারের ভিত্তিতে জমা পড়বে, বহু ক্ষেত্রে তা নিয়ে সিদ্ধাম্ত নিতে হচ্ছে সংস্থাকেই।

Advertisement

বিভ্রান্তির এখানেই শেষ নয়। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, গত ১৭ সেপ্টেম্বর থেকেই সারা দেশেই ইপিএফের এই নতুন নিয়ম চালু করে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এবার বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানগুলির একটি বড়ো অংশ জানতে চাইছে, তাহলে কি ১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ হাজার টাকা এবং ১৭ সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা বেতনসীমার উপর কর্মচারীদের পিএফ কন্ট্রিবিউশন কাটানো হবে? অর্থাৎ, দু’টো ভিন্ন পরিমাণে প্রদেয় অর্থের অঙ্ক জমা পড়বে চলতি 
মাসে? প্রশ্ন এবং বিভ্রান্তি থাকলেও সংশয় কাটানোর কোনো আশু লক্ষণ অবশ্য দেখতে পাওয়া যাচ্ছে না। 
বেসরকারি সংস্থা-প্রতিষ্ঠানগুলির আশঙ্কা, সময়মতো পিএফ কন্ট্রিবিউশন জমা না দেওয়া হলে উলটে কর্তৃপক্ষের ঘাড়েই জরিমানা চাপিয়ে দেওয়া হতে পারে। এবিষয়ে অবশ্য শ্রমমন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। তবে মন্ত্রকের শীর্ষ সূত্রে ‘বর্তমান’কে জানানো হয়েছে, ইতিমধ্যে এব্যাপারে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর অর্থই হল, দেশের সর্বত্র বাধ্যতামূলক ইপিএফের বেতনসীমা সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হয়েছে। ইপিএফের প্রতিটি আঞ্চলিক কার্যালয়কে তা মেনে চলতে হবে। পাশাপাশি মন্ত্রকের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, এবিষয়ে বিভ্রান্তি কাটাতে আগামীতে চিফ প্রভিডেন্ট ফান্ড কমিশনারের (সিপিএফসি) মাধ্যমে কোনো বিবৃতিও জারি করানো হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ