নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: ২১ আগস্ট উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজোর আগে উত্তরের জেলাগুলির জন্য তিনি ঘোষণা করতে পারেন একাধিক প্রকল্প। মঙ্গলবার একথা জানান নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। বুধবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে। সেখানেই সফরসূচি চূড়ান্ত হবে বলে মন্ত্রী জানান।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ১০০ দিন সম্পন্ন হয়েছে। সেই উপলক্ষ্যে মঙ্গলবার কোচবিহার জেলা বিজেপির তরফে সাংবাদিক সম্মেলন হয়। এতে দলের জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ মন্ত্রী মালতী রাভা রায়, কোচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায় এবং নাটাবাড়ির বিধায়ক গিরিজা শংকর রায় ও দলের সাধারণ সম্পাদক মিনতী দাস উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে অন্নপূর্ণা যোজনা, সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাত্রা, সবুজায়ন সহ রাজ্য সরকারের ১০০ দিনের মধ্যে শুরু করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, আপনারা শুধু আমাদের একটু সময় দিন। সরকার নির্বাচনী ইস্তাহারের প্রতিটি প্রতিশ্রুতি শুধু পালন করবে না, মানুষের সমস্ত দাবি পূরণ করবে। মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে আসছেন। ২১ আগস্ট দার্জিলিং থেকে তাঁর সফর শুরু হবে। এরপর তিনি কোচবিহার জেলাতেও আসবেন। তিনি নিজে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করবেন।
বিজেপি সূত্রে খবর, নির্বাচনী ইস্তাহারে উত্তরবঙ্গে এইমস, আইআইটির প্রতিশ্রুতি ছিল। সেসব নিয়েও বড় ঘোষণা হতে পারে। জলপাইগুড়ি বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কয়েকটি উপহার উত্তরবঙ্গবাসী পেতে চলেছে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী কোন কোন প্রকল্প ঘোষণা করতে চলেছেন, তা নিয়ে ক্যাবিনেট বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। এমনকী মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরসূচিও ক্যাবিনেট বৈঠকে চূড়ান্ত হবে। দার্জিলিং এবং কোচবিহার জেলার পাশাপাশি তিনি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও যেতে পারেন।