নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে শুক্রবার শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে নামছে ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে তন্ময়-চাকুদের প্রতিপক্ষ ভবানীপুর। কোচ রঞ্জন ভট্টাচার্যের প্রশিক্ষণে দুরন্ত ছন্দে তাঁরা। টানা ৫টি ম্যাচ জিতে আপাতত ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’তে সবার আগে ভবানীপুর। গত ম্যাচে তারা হারিয়েছে মোহন বাগানকে। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্ট বেঙ্গল। শেষ ম্যাচে বিএসএসের বিরুদ্ধে একটা সময় দু’গোলে পিছিয়ে থেকেও মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড। শুক্রবার ঘরের মাঠে তাই জয়ের সরণিতে ফিরতে মরিয়া অর্চিষ্মান বিশ্বাসের ছেলেরা।
কলকাতা লিগে সফলতম দল ইস্ট বেঙ্গল। গত কয়েক বছর বিনো জর্জের প্রশিক্ষণে ধারাবাহিকভাবে নিজেদের মেলে ধরে লাল-হলুদ ব্রিগেড। এবার দলের ব্যাটন বিনোর সহকারি অর্চিষ্মানের হাতে। লিগের প্রথম চার ম্যাচে জয় পেলেও, বিএসএসের বিরুদ্ধে থামে তাদের বিজয়রথ। তাই ভবানীপুরের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে শেষ ম্যাচের ভুলত্রুটিগুলো শুধরে নেওয়ার উপর জোর দিচ্ছেন লাল-হলুদ কোচ। অনবরত বৃষ্টির কারণে ক্রমশ ভারী হচ্ছে মাঠ। তাই কাদা মাঠে নিজেদের সেরাটা মেলে ধরাই চ্যালেঞ্জ মনোতোষ-বিজয়দের সামনে।
চলতি লিগে দুরন্ত ছন্দে ভবানীপুর। দলে একঝাঁক অভিজ্ঞ ফুটবলার। এছাড়া সাহিল হরিজন, শ্যামল বেসরার মতো তরুণরা ভরসা জোগাচ্ছেন। ইস্ট বেঙ্গল, মোহন বাগানের পাশাপাশি তারাও এবার খেতাব জয়ের অন্যতম দাবিদার। কোচ রঞ্জন চৌধুরি অবশ্য বেশি দূরের কথা না ভেবে ম্যাচ বাই ম্যাচ এগতে চান।
ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু বিকেল তিনটেয়। সম্প্রচার নাম্বার টেন স্পোর্টসে।