Bartaman Logo
৭ জুলাই, ২০২৬

রাজ্যগুলির প্রাপ্য আটকে এক বছরে কেন্দ্রের ‘মুনাফা’ প্রায় ২ লক্ষ কোটি! পরিকাঠামোয় বঞ্চনা, সংসদে নির্মলাকে চিদম্বরমের তোপ

বাজেটে ঘোষণা এবং বিপুল বরাদ্দ দেখিয়ে প্রথমে কৃতিত্ব আদায়। তারপর সন্তর্পণে সেই বরাদ্দই কমিয়ে দেওয়া। ঘোষণা এবং বাস্তবায়নের মধ্যে নিয়ম করে ফারাক রেখে চলেছে মোদি সরকার।

রাজ্যগুলির প্রাপ্য আটকে এক বছরে কেন্দ্রের ‘মুনাফা’ প্রায় ২ লক্ষ কোটি! পরিকাঠামোয় বঞ্চনা, সংসদে নির্মলাকে চিদম্বরমের তোপ
  • ২ এপ্রিল, ২০২৫ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাজেটে ঘোষণা এবং বিপুল বরাদ্দ দেখিয়ে প্রথমে কৃতিত্ব আদায়। তারপর সন্তর্পণে সেই বরাদ্দই কমিয়ে দেওয়া। ঘোষণা এবং বাস্তবায়নের মধ্যে নিয়ম করে ফারাক রেখে চলেছে মোদি সরকার। কারণ? রাজকোষের অর্থ বাঁচিয়ে ঘাটতি কমানোর এটাই কৌশল। আর এই প্রবণতা গত দু’বছর ধরেই তথ্য-পরিসংখ্যানে প্রকাশিত। সদ্য সমাপ্ত আর্থিক বছরে এভাবে শুধু পরিকাঠামো উন্নয়ন খাতেই প্রায় ২ লক্ষ কোটি টাকা বাঁচিয়ে নিয়েছে মোদি সরকার। পরিকাঠামো উন্নয়নে ৯২ হাজার কোটির বেশি এবং রাজ্যগুলির আর্থিক সহায়তা কমিয়ে প্রায় ৯১ হাজার কোটি টাকা, সবটাই পড়ে রয়েছে রাজকোষে।

Advertisement

সরকারি মডেলটা কী? বাজেটে গালভরা নানাবিধ প্রকল্প এবং প্রতিশ্রুতির ঘোষণা হবে। সেইমতো বাজেট নথিতে বরাদ্দও করা হবে। কিন্তু তারপর আর্থিক বছরের মাঝপথে অথবা শেষ ত্রৈমাসিকে সংশোধিত বাজেট বরাদ্দ প্রকাশ করা হবে। বিগত কয়েক বছর ধরেই দেখা গিয়েছে এই ট্রেন্ড। সাধারণ বাজেট অথবা অন্তর্বর্তী বাজেটে তো বটেই, মোদি সরকারের রেকর্ড ব্যয়বরাদ্দ নিয়ে প্রচার চালানো হয় সারা বছরই। পাশাপাশি, রাজ্যগুলির বঞ্চনার অভিযোগ ঠিক নয় বলেও দাবি তোলা হয়। অথচ বাস্তবে দেখা যায়, আর্থিক বছরের শেষ পর্বে এসে এই দুই বরাদ্দই কমে গিয়েছে। মঙ্গলবার রাজ্যসভায় ঠিক এই প্রসঙ্গ টেনেই নির্মলা সীতারামনকে তোপ দাগলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। একেবারে পরিসংখ্যান দিয়ে। বললেন, ‘সামগ্রিকভাবে বাজেটে কেন্দ্রীয় সরকার পরিকাঠামো নির্মাণে যে অর্থ ব্যয় করবে বলেছিল, সেই লক্ষ্যমাত্রা নিজেই বছরের মাঝে কমিয়ে দিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো নির্মাণ খাতে অর্থমন্ত্রক বরাদ্দ করেছিল ১১ লক্ষ ১১ হাজার কোটি টাকা। অথচ সংশোধিত বাজেটে তা কমিয়ে করা হয়েছে ১০ লক্ষ ১৮ হাজার ৪২৯ কোটি। আবার পরিকাঠামো নির্মাণের জন্য রাজ্য সরকারগুলিকে সরকার ৩ লক্ষ ৯০ হাজার ৭৭৮ কোটি টাকা দেবে বলে বাজেট নথিতে জানিয়েছিল। সেই বরাদ্দও কমিয়ে সংশোধিত বরাদ্দে দেখানো হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৮৯১ কোটি টাকা।’ রাজ্যসভায় উপস্থিত অর্থমন্ত্রী নির্মলার কাছে চিদম্বরম জানতে চান, ‘সরল পাটিগণিতেই দেখা যাচ্ছে, কেন্দ্র পরিকাঠামো উন্নয়ন ও নির্মাণে যা খরচ করবে বলেছিল, সেটা এক ধাক্কায় ৯২ হাজার ৬৮২ কোটি টাকা কমিয়ে দিয়েছে। আবার অন্যদিকে, রাজ্যকে প্রদেয় পরিকাঠামো উন্নয়ন খাতে আর্থিক সহায়তা কমিয়ে দেওয়া হয়েছে ৯০ হাজার ৮৮৭ কোটি টাকা। এভাবে কেন্দ্র সুকৌশলে প্রায় ২ লক্ষ কোটি টাকা শুধুমাত্র পরিকাঠামো নির্মাণ খাতে কমিয়ে রাজকোষের অর্থ বাঁচিয়ে ফেলল। বাজেটে বরাদ্দকৃত অর্থ কমিয়ে দেওয়ার কারণ কী?’ এভাবে রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে সরকারের বাজেট এস্টিমেট এবং রিভা‌ইজড এস্টিমেটের অঙ্ক তুলে ধরে সরকারকে চরম অস্বস্তিতে ফেলেন চিদম্বরম। নির্মলা অবশ্য এই অভিযোগ মানতে চাননি। তিনি বলেছেন, ‘৩১ মার্চ যে অর্থবর্ষ শেষ হয়েছে, তাতে পরিকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে ১১ লক্ষ ২১ হাজার কোটি টাকা। আর রাজ্যকে প্রদেয় আর্থিক সহায়তাও মোটেই কমেনি। ধাপে ধাপে গত কয়েক বছরে আমরা বাড়িয়েছি।’ সংসদের অন্দরে পরিসংখ্যানের এই বাগযুদ্ধের পর প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম নিজের সোশ্যাল মিডিয়ায় ফের বিস্তারিত ওই তথ্য প্রকাশ করে বলেন, ‘রাজ্য সরকারকে বঞ্চনা করা হয়েছে, কেন্দ্রীয় পরিকাঠামো খাতে কমানো হয়েছে টাকা, এসব অর্থমন্ত্রী অস্বীকার করছেন কীভাবে? আমি স্পিচলেস। শব্দ খুঁজে পাচ্ছি না!’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ