নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেশন ডিলারদের মাসে অন্তত ৫০ হাজার টাকা আয়ের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিল তাদের সর্বভারতীয় সংগঠন। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেশন ব্যবস্থা নিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে ডিলারদের কমিশনও কিছুটা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু তাতে একেবারেই সন্তুষ্ট না-হয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।
সংগঠনের বক্তব্য, সাধারণ শ্রেণির রাজ্যগুলিতে প্রতি কেজি খাদ্যশস্যে ডিলারদের কমিশন মাত্র ১০ পয়সা করে এবং উত্তর-পূর্বাঞ্চল ও পাহাড়ি রাজ্যে ১৫ পয়সা করে বাড়ানো হয়েছে। কিন্তু এই বৃদ্ধি মোটেই পর্যাপ্ত নয়। কয়েকবছর আগে ওয়ার্ল্ড ফুড প্রোগাম প্রতি কেজি ২ টাকা ২৮ পয়সা করে কমিশন বৃদ্ধির সুপারিশ করেছিল। কমিশন বৃদ্ধি তার ধারেকাছে আসেনি।
ডিলারদের সংগঠন প্রস্তাব দিয়েছে, ‘টাইড ওভার’ বরাদ্দের মাধ্যমে সব রাজ্যকে কম দামে অতিরিক্ত খাদ্যশস্য দিয়েও ডিলারদের আয় বাড়াতে পারে কেন্দ্র। এই ব্যবস্থায় সাধারণ মানুষ ৮ টাকা ৩০ পয়সা কেজি দরে চাল এবং ৬ টাকা ৩০ পয়সা দরে গম রেশন দোকান থেকে কিনে আর্থিক সুবিধা পাবেন।