নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: বারবার হাসপাতাল গিয়ে আউটডোরের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা নিয়ে হয়রানির মধ্যে পড়তে হয়। একাধিক চিকিৎসকের প্রেসক্রিপশন। কবে কোন রোগ বাসা বেঁধেছিল শরীরে মনেও থাকেনা সবার। ফলে চিকিৎসা পরিষেবা নেওয়ার সময় সঠিক কারণ বলাও মুশকিল হয়ে পড়ে। এবার সেসব ঝক্কির দিন শেষ হতে চলেছে। এক ক্লিকেই বেরোবে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য। ডাক্তার দেখাতে এলে সঙ্গে আনতে হবে আধার কার্ড। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীদের জন্য তৈরি হবে ‘আভা আইডি’। শীঘ্রই সেই ব্যবস্থা চালু হচ্ছে। আরামবাগ মেডিকেলের আউটডোর বিভাগে কম্পিউটার বসিয়ে পৃথক একটি কাউন্টার খোলার প্রস্তুতি শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে আরামবাগ মেডিকেলের পাশাপাশি আয়ুষ্মান আরোগ্য মন্দিরেও চালু হতে যাচ্ছে আভা আইডি-র সুবিধা। এই ব্যাপারে আরামবাগ মেডিকেলের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় বলেন, আভা আইডি তৈরির ব্যাপারে ইতিমধ্যেই রাজ্যের তরফে নির্দেশিকা পেয়েছি। প্রশাসনিক স্তরে বৈঠকও হয়েছে। রোগীরা আধার কার্ড নিয়ে এলে তার নম্বর দিয়ে আভা আইডি তৈরি করে দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে সেই আইডি দিয়েই চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য বেরিয়ে যাবে। তাতে রোগী ও চিকিৎসক উভয়েরই সুবিধা হবে। পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, বিগত তৃণমূল সরকার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করেনি এরাজ্যে। তারফলে মানুষ নানা পরিষেবা থেকেই বঞ্চিত হয়েছেন। রাজ্যে বিজেপির সরকার আসার পর এই প্রকল্পকে গুরুত্ব দিয়ে শুরু করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে সরকারি হাসপাতালে আভা আইডিও চালু হচ্ছে। জানা গিয়েছে, বিভিন্ন বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের মোবাইল নম্বর দিয়ে বিশেষ আইডি তৈরি করা হয়। তা থেকে দ্রুত চিকিৎসার হিস্ট্রি পাওয়া যায়। শুধু রাজ্যেই নয়। ভিন রাজ্যের হাসপাতালে গিয়েও ওই কার্ড থেকে সুবিধা পাওয়া যায়। সাধারণত সাইবার ক্যাফে থেকে অনেকেই তা করিয়েছেন। এবার রাজ্যে সরকারি হাসপাতালের পরিকাঠামোতেও আভা আইডি চালু হচ্ছে। এরজন্য হাসপাতালে আধার কার্ড নিয়ে টিকিট কাউন্টারে যেতে হবে। সেখানেই সক্রিয় করা হবে আভা আইডি। মেডিকেল সূত্রে জানা গিয়েছে, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য পরিষেবার অন্তর্ভুক্ত আউটডোর, ইন্ডোর, ফার্মেসি, ডায়াগনস্টিক প্রভৃতি পরিষেবার সঙ্গে আভা সংযুক্ত করতে হবে বাধ্যতামূলকভাবে।



