


নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: সুপার এইটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ে তৈরি হয়েছিল চাপের পাহাড়। বৃহস্পতিবার তা থেকে অনেকটাই মুক্তি পেয়েছে টিম ইন্ডিয়া। দিনের প্রথম ম্যাচে প্রোটিয়াদের কাছে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়ে গৌণ হয়ে গিয়েছিল রান রেটের হিসেব নিকেষ। আর সন্ধ্যায় জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় ভারতীয় শিবিরে ফিরিয়েছে স্বস্তি। অকপটে তা স্বীকারও করেছেন ম্যাচের সেরা হার্দিক পান্ডিয়া। তারকা অলরাউন্ডার বলেন, ‘কাঁধে চাপের বোঝা নিয়ে গত কয়েকদিন কেটেছে। রান রেটে আমরা এতটাই পিছিয়ে পড়েছিলাম যে, তা থেকে বেরনো সহজ ছিল না। আর সে জন্যই সবাই তাকিয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ের দিকে। সেই ম্যাচের ফল আমাদের চিন্তা অনেকটাই কমিয়ে দেয়। তাই জিম্বাবোয়ের বিরুদ্ধে চাপমুক্ত হয়ে খেলা সম্ভব হয়েছে। ধারাবাহিকতা বজায় রেখে সুপার এইটের শেষ ম্যাচেও হাসি মুখে মাঠ ছাড়াই এখন আমাদের লক্ষ্য।’ ব্যাটে অপরাজিত অর্ধশতরানের পাশাপাশি বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন হার্দিক। ম্যাচ শেষে তাঁর ভূয়সী প্রশংসা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে দলের বোলিং নিয়েও বেশ অসন্তুষ্ট দেখাল তাঁকে। সূর্যর কথায়, ‘আমাদের ব্যাটিং ভাল হয়েছে। কিন্তু বোলারদের আরও নিয়ন্ত্রিত বল করতে হবে। সে জন্যই একটু বিরক্তি লাগছিল।’
ব্যর্থতার কানাগলি পিছনে ফেলে বৃহস্পতিবার চেনা ছন্দে ফিরেছেন অভিষেক শর্মা। ঝকঝকে অর্ধশতরান হাঁকান তিনি। নিজেই জানালেন তাঁর রানে ফেরার নেপথ্য কাহিনি। তরুণ তুর্কির কথায়, ‘পরিকল্পনা বদলেই এসেছে সাফল্য। এতদিন আমি প্রথম বল থেকেই চালিয়ে খেলেছি। এদিন ক্রিজে কিছুটা সময় কাটানোর পরিকল্পনা ছিল। সেটা কাজে এসেছে। টিম মিটিংয়েও ছিক এই কথাই বলা হয়েছিল। সেই মতো ব্যাট করেছি।’