Bartaman Logo
৯ জুলাই, ২০২৬

কেজরিওয়ালের দিল্লির বাসভবনকে গেস্ট হাউস বানাবে বিজেপি সরকার

দিল্লির বিজেপি সরকার কেজরিওয়ালের বাসভবনকে গেস্ট হাউসে রূপান্তরিত করছে। ৩৩.৬৬ কোটি টাকার খরচ নিয়ে বিতর্ক চলছে। বিস্তারিত পড়ুন।

কেজরিওয়ালের দিল্লির বাসভবনকে গেস্ট হাউস বানাবে বিজেপি সরকার
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দিল্লির মসনদ হাতছাড়া হয়েছে। ত্যাগ করেছেন সাধের বাসভবন। কেজরির সেই বাসভবনকে এবার সরকারি গেস্ট হাউস বানানোর সিদ্ধান্ত নিল দিল্লির বিজেপি সরকার। রাজধানীর ৬, ফ্ল্যাগস্টাফ রোডের বাংলোটি এবার রাজ্য অতিথিশালা (স্টেট গেস্ট হাউস) এবং সংস্কৃতি কেন্দ্রে রূপান্তরিত করা হবে। কেজরির ওই বাসভবনকেই শিশমহল আখ্যা দিয়েছিল বিজেপি।

Advertisement

২০১৫ সাল থেকে প্রায় ১০ বছর কেজরিওয়াল ও তাঁর পরিবার এই বাড়িতে থাকতেন। সূত্রে খবর, সেই বাংলোকে এবার আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অতিথিশালায় পরিণত করা হবে। গাড়ি রাখার জন্য পার্কিং, ওয়েটিং রুম-সহ বিভিন্ন ব্যবস্থা রাখা হবে। অন্যান্য রাজ্য অতিথিশালার মতোই এখানে নির্দিষ্ট ফি-এর বিনিময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মন্ত্রী, সরকারি প্রতিনিধি দল, বিশিষ্ট অতিথি এবং দেশ-বিদেশের উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের থাকার ব্যবস্থা করা হবে। ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের সময় এই বাংলোকে ঘিরে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা  বিধানসভায় ক্যাগের রিপোর্ট পেশ করেন। তাতে উল্লেখ ছিল, বাংলোটির সংস্কারের প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৭.৯১ কোটি টাকা। ২০২০ সালে কাজের বরাত দেওয়ার সময় তা বেড়ে দাঁড়ায় ৮.৬২ কোটি টাকা। কিন্তু ২০২২ সালে কাজ শেষ করার পর মোট খরচ বেড়ে হয় ৩৩.৬৬ কোটি টাকা, যা প্রাথমিক অনুমানের তুলনায় ৩৪০ শতাংশেরও বেশি। এই বিপুল ব্যয়কে হাতিয়ার করে বিজেপি কেজরিওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে। বাংলোটিকে ‘শিশমহল’ বলে কটাক্ষ করে। ২০২৫ সালের নির্বাচনি প্রচারেও বাংলোটির ক্ষুদ্র প্রতিরূপ প্রদর্শন করেছিল বিজেপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ