পাটনা: সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ। ফের ছাত্র-যুবদের মিছিলে উত্তাল পাটনার রাজপথ। ককরোচদের আন্দোলনে যোগ দেওয়া বহু প্রতিবাদীকে মুক্তি দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে মঙ্গলবার মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবন অভিমুখে মিছিল করে ছাত্র-যুবরা। অংশ নিয়েছিল যুব কংগ্রেস, এআইএসএফ, ডিওয়াইএফআই সহ একাধিক সংগঠন। মুখ্যমন্ত্রীর বাসভবনের ২ কিলোমিটার আগেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয় মিছিল। জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।
নিট প্রশ্ন ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে উত্তাল হয়েছিল বিহার। সেই আন্দোলন থেকে ছয় শতাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। পরে ধৃতদের মধ্যে অর্ধেকেরও বেশি নাবালককে মুক্তি দেওয়া হয়। এরপর রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর অন্যান্যদের মুক্তির আশ্বাস দিলেও বাস্তবে তা হয়নি বলেই অভিযোগ। মিছিলে অংশগ্রহণকারীদের একজনের দাবি, ‘আমাদের বহু বন্ধু এখনো বাড়ি ফেরেনি। পুলিশ মিথ্যে কথা বলছে। আমরা আমাদের বন্ধুদের জন্য উদ্বিগ্ন।’ অন্য এক বিক্ষোভকারী বলেন, ‘বিক্ষোভে অংশগ্রহণকারী কাদের মুক্তি দেওয়া হয়েছে এবং কারা এখনো জেলবন্দি রয়েছে, তার যাচাইকৃত তালিকা দেওয়া হোক।’ সিওয়ান থেকে আসা এক পড়ুয়া প্রশ্ন তুলেছেন, ‘একে ৪৭ থেকে গুলি চালানোয় অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। আমরা এসপিরও শাস্তি চাই। পুলিশ ট্রিগার হ্যাপি হয়ে উঠেছে। কে তাঁর দায় নেবে?’ বিক্ষোভে অংশ নিয়েছিলেন পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব ও রাজ্য কংগ্রেস প্রেসিডেন্ট রাজেশ রাম। কংগ্রেস নেতা রাজেশকে আটকও করেছে পুলিশ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ছবি: পিটিআই