নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিখরচায় ট্রেনের কনফার্মড টিকিটের যাত্রার তারিখ (ডেট অব জার্নি) পরিবর্তন করতে পারবেন সাধারণ রেল যাত্রীরা। গত অক্টোবরে এসংক্রান্ত ঘোষণা করেছিল রেলমন্ত্রক। এমনকি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং তারপর বিভিন্ন সময় এব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাস দিয়েছিলেন। কিন্তু ঘোষণার প্রায় ১০ মাস পরেও এসংক্রান্ত বিষয়ে পদক্ষেপ করতে ব্যর্থ হয়েছে রেলমন্ত্রক। অন্তত এমনই অভিযোগ করছেন রেল যাত্রীদের একটি বড়ো অংশ। তাদের অভিযোগ, অনলাইনে টিকিট কাটার পর প্রয়োজন হলেও আর পালটানো যাচ্ছে না ডেট অব জার্নি। এখনও পর্যন্ত এর একমাত্র উপায় হল, পুরো টিকিট বাতিল করে ফের নতুনভাবে বুকিং করা। কিন্তু টিকিট বাতিল করলে রেল যাত্রীকে নিয়মমতোই ক্যানসেলেশন চার্জ দিতে হবে।
অর্থাৎ, বিনামূল্যে ডেট অব জার্নি পালটানোর ঘোষণা করা হলেও বাস্তবে ট্যাকের কড়ি গুণতে হচ্ছে যাত্রীকে। আর সেটিও সেই চিরাচরিত প্রথায়। স্বাভাবিকভাবেই রেলের এহেন ‘অব্যবস্থা’য় ক্ষোভ এবং অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। টিকিট বুকিংয়ের পর একাধিক কারণে যাত্রার তারিখ পরিবর্তনের প্রয়োজন হয়। এক্ষেত্রে ক্যানসেলেশন ফি দিয়ে পুরো টিকিট বাতিল করে পুনরায় নতুন বুকিং করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাছাড়া নতুন টিকিট বুকিং করলে কনফার্মড আসন যে মিলবেই, তারও কোনো নিশ্চয়তা নেই।
জানা যাচ্ছে, গত ১৯ জুলাই রেলের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা জনৈক চন্দ্রশেখর গৌড়। গত ৩০ জুলাই রেল বোর্ডের এগজিকিউটিভ ডিরেক্টর (প্যাসেঞ্জার মার্কেটিং) শিবেন্দ্র শুক্লার কার্যালয় থেকে তাঁকে একটি জবাব দেওয়া হয়। রেল বোর্ড জানিয়েছে যে, বিষয়টি নথিভুক্ত করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। অর্থাৎ, ঘোষণার প্রায় ১০ মাস পরেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাসই দেওয়া হচ্ছে।