ফিরদৌস হাসান, শ্রীনগর: মেট্রো স্টেশন, বাজার বন্ধ। রাস্তায় সশস্ত্র বাহিনীর টহল। শনিবার দিল্লিতে সিজেপির আন্দোলন রুখতে একাধিক কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। মোদি সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দায় সরব জম্মু-কাশ্মীরের বিজেপি বিরোধী দলগুলির নেতানেত্রীরা। রাজধানীর সঙ্গে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সময় ভূস্বর্গের পরিস্থিতির তুলনা করেন তাঁরা। অভিযোগ, এবার সেই ‘কাশ্মীর মডেল’কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়া পোস্টে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা লিখেছেন, ‘দিল্লিতে কশ্মীর মডেলকে রপ্তানি করা হয়েছে। নতুন জম্মু-কাশ্মীরের আদলে তৈরি নয়াদিল্লিতে স্বাগত।’ ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সময় জম্মু-কাশ্মীরেও দিল্লির মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। শনিবার সেকথা তুলে ধরলেন পিডিপি সভাপতি মেহবুবা মুফতি। এক্স হ্যান্ডলে তাঁর তোপ, ‘আজকের দিল্লি যেন ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সময় কাশ্মীরের পরিস্থিতিকে মনে করিয়ে দিচ্ছে। মানুষকে বাড়িতে আটকে রাখা হয়। ইন্টারনেট বন্ধ ছিল। গোটা একটি অঞ্চলকে রীতিমতো অবরুদ্ধ করে রাখা হয়। তারপরেও বিজেপি দাবি করেছিল যে কেউ প্রতিবাদ জানায়নি।’ এখানেই না থেমে পিডিপি নেত্রী বলেন, ‘আজ দিল্লি অবরুদ্ধ। ট্রেন বন্ধ। যন্তরমন্তরে যাওয়ার সমস্ত রাস্তা আটকে দেওয়া হয়েছে। এবারও ওরা হয়তো একই মিথ্যে বলবে। হয়তো বলবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেউ বিক্ষোভ দেখায়নি। প্রথমে বিক্ষোভ দমন কর। তারপর বিষয়টি অস্বীকার কর। এভাবেই জোর করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে সম্মতি হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে।’



