নয়াদিল্লি: কানপুর-লখনউ এক্সপ্রেসওয়ে হাল দেখে বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা। তার মধ্যেই চাঞ্চল্যকর তথ্য সামনে এল। পিএনসি ইনফ্রাটেক লিমিটেড নামে যে সংস্থা দায়িত্বে ছিল, তারা সম্প্রতি আরও দুটি জাতীয় সড়ক প্রকল্পের বরাত পেয়েছে। দু’টি প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ৩ হাজার ৪৮৩ কোটি টাকা! কানপুর-লখনউ এক্সপ্রেসওয়ে নিয়ে বিতর্ক শুরু হতেই পিএনসি ইনফ্রাটেকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সংস্থাটিকে ‘ব্ল্যাকলিস্টেড’ করার চিন্তাভাবনাও করা হচ্ছে। সেক্ষেত্রে তাদের হাত থেকে নতুন দুটি প্রকল্প ফেরত নেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।



