নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় হোসিয়ারি শিল্পের বার্ষিক টার্নওভার ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় এক লক্ষ কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। একইসঙ্গে রাজ্যে টেক্সটাইল হাব গড়ে তোলার ব্যাপারেও উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার দিল্লিতে একথা জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। এসংক্রান্ত বিষয়ে আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠকও করতে পারেন শমীকবাবু। যদিও তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়।
ক্ষমতায় আসার পর থেকেই নিয়মিতভাবে বিজেপি সরকার দাবি করছে, বাংলায় শিল্পে বিপুল বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এব্যাপারেই এদিন শমীকবাবু বলেন, ‘এই মুহূর্তে রাজ্যে হোসিয়ারি শিল্পে বার্ষিক টার্নওভারের পরিমাণ মেরেকেটে ৩৫ হাজার থেকে ৪০ হাজার কোটি টাকা। এর পরিমাণই বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। হোসিয়ারি শিল্পের সঙ্গে যুক্ত যে ব্যবসায়ী কিংবা উদ্যোগপতিরা বাংলা ছেড়ে চলে গিয়েছিলেন, তাঁরা আবার রাজ্যে ফিরতে চাইছেন। বিনিয়োগ করতে চাইছেন। এমনকি দক্ষিণের যেসব রাজ্যে হোসিয়ারি তথা টেক্সটাইল শিল্প অত্যন্ত সমৃদ্ধশালী, সেখানকার শিল্পপতিরাও বাংলায় বিনিয়োগের ব্যাপারে উৎসাহী হয়েছেন। এটি অত্যন্ত ইতিবাচক।’
তবে শুধুই হোসিয়ারি শিল্প নয়। বাংলায় প্রতিরক্ষা খাতেও বড়োসড়ো বিনিয়োগের সম্ভাবনা তৈরি হতে চলেছে বলেও এদিন দাবি করেছেন রাজ্যসভার সাংসদ শমীকবাবু। জানিয়েছেন, এব্যাপারে তিনি শীঘ্রই চিঠি লিখবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে। উল্লেখ্য, দিনদু’য়েক আগেই আদিত্যবিড়লা গ্রুপের চেয়ারম্যান শ্রী কুমার মঙ্গলম বিড়লার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন শমীকবাবু। রীতিমতো ঘরোয়া পরিবেশে সেই বৈঠক হয়েছে। রাজ্যে বিনিয়োগের প্রসঙ্গেই দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে পদ্মশিবির সূত্রে দাবি। এমন প্রেক্ষাপটে রাজ্যে হোসিয়ারি এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে শমীকবাবুর বক্তব্য তাই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ঘটনাচক্রে আজ, বৃহস্পতিবারই দিল্লিতে টেক্সটাইল সংক্রান্ত কেন্দ্রের উপদেষ্টা কমিটির বৈঠক রয়েছে। সেখানে অংশ নেবেন শমীকবাবু।