


নয়াদিল্লি: এ যেন কল্পবিজ্ঞানের গল্প। কারখানা থেকে বেরিয়ে চারচাকা গাড়ি নিজেই পৌঁছে যাচ্ছে মালিকের বাড়ির দরজায়। সেটাও পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে। সম্প্রতি এমনই প্রায় ‘অলৌকিক’ ঘটনার সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস প্রদেশের অস্টিন এলাকা। সৌজন্যে টেসলা। জানা গিয়েছে, অস্টিনের টেসলা গিগাফ্যাক্টরি থেকে ‘ওয়াই মডেল’-এর গাড়িটি প্রায় ৩০ মিনিট দূরত্বের নতুন মালিকের ঠিকানায় পৌঁছে যায় নিজে থেকেই। সেই যাত্রাপথে হাইওয়ের যানবাহন, ট্রাফিক সিগন্যাল, মোড় ঘোরা— সবটাই সে সামলেছে নিজের সিদ্ধান্তেই। কোনও মানুষের সাহায্যের প্রয়োজনই পড়েনি তার।
প্রথমে টেসলা এই অভূতপূর্ব ঘটনার একটি ৩ মিনিটের টাইম-ল্যাপ্স টিজার প্রকাশ করে। পরে, পুরো ৩০ মিনিটের সফরের সম্পূর্ণ ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা গিয়েছে, গাড়িটি কারখানার গ্যারেজ থেকে বেরিয়ে আসছে। কিন্তু, চালকের আসনে কেউ নেই। পিছনের সিট থেকে ভিডিওটি করা হয়েছে। সফরের শেষে নতুন মালিকের বাড়ির নীচে নিজেকে পার্কও করে গাড়িটি। ভিডিওটি শনিবার সমাজমাধ্যমে শেয়ার করেন টেসলা প্রধান এলন মাস্ক। সঙ্গে লেখেন, নির্ধারিত দিনের একদিন আগেই এই সম্পূর্ণ স্বচালিত ডেলিভারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গাড়ির ভিতর কেউ ছিল না। এমনকী, রিমোট কন্ট্রোলারও ছিল না। টেসলার এআই ও অটোপাইলট বিভাগের প্রধান আশোক এলুস্বামী জানিয়েছে, এই যাত্রাপথে গাড়িটি সর্বোচ্চ ১১৫ কিমি প্রতি ঘণ্টার গতিতে ছুটেছিল। তাৎপর্যপূর্ণ বিষয় হল, মাত্র সপ্তাহখানেক আগেই অস্টিনে তাদের ‘রোবোট্যাক্সি’র পরিষেবা পরীক্ষামূলকভাবে শুরু করেছে টেসলা। কিন্তু, সেটা এখনও জনসাধারণের জন্য চালু হয়নি। মাস্ক জানিয়েছে, খুব শীঘ্রই তাঁরা লক্ষ লক্ষ রোবোট্যাক্সি রাস্তায় নামাতে চান। এর সঙ্গে ‘অপটিমাস’ নামের হিউম্যানয়েড রোবট তৈরির পরিকল্পনাও রয়েছে জানিয়েছেন টেসলা কর্ণধার।