Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে জঙ্গি হামলা! নিহত অন্তত তিনজন পুলিশকর্মী

প্রদেশে ফের জঙ্গি হামলায় অশান্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। শনিবার বান্নু জেলার ফতেহখেল পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ও গোলাগুলিতে নিহত অন্তত তিনজন পুলিশকর্মী

পাকিস্তানে জঙ্গি হামলা! নিহত অন্তত তিনজন পুলিশকর্মী
  • ১০ মে, ২০২৬ ১৯:০৫
Prefer us on Google

ইসলামাবাদ, ১০ মে: প্রদেশে ফের জঙ্গি হামলায় অশান্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া। শনিবার বান্নু জেলার ফতেহখেল পুলিশ স্টেশনে আত্মঘাতী বিস্ফোরণ ও গোলাগুলিতে নিহত অন্তত তিনজন পুলিশকর্মী। আহত হয়েছেন আরও বহু নিরাপত্তাকর্মী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশ স্টেশন লক্ষ্য করে হামলার চেষ্টা চালায় একদল জঙ্গি। তবে নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে বড়সড় আত্মঘাতী হামলা রুখতে সক্ষম হয়। লক্ষ্যস্থলে পৌঁছানোর আগেই গাড়িটি ধ্বংস করে দেয় তাঁরা। তবে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের একাধিক বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়ির ছাদ ধসে পড়েছে। বিস্ফোরণের পরই বড় সংখ্যায় সশস্ত্র জঙ্গি পুলিশ স্টেশন ঘিরে ফেলে এবং শুরু হয় গুলির লড়াই। কয়েক ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। এতে অন্তত তিনজন পুলিশ নিহত হন। বেশ কিছুজন আহত হন বলেও খবর।

ঘটনার তীব্র নিন্দা করেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মুহাম্মদ সোহাইল আফ্রিদি। পেশোয়ার থেকে জারি করা এক বিবৃতিতে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দেন। তিনি জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াই শুধু খাইবার পাখতুনখোয়ার নয়, গোটা পাকিস্তানের যুদ্ধ। বন্ধ ঘরে নেওয়া কিছু সিদ্ধান্ত এবং চাপিয়ে দেওয়া নীতির ফলেই দেশ আজ নিরাপত্তার গভীর সংকটে পড়েছে। তিনি নিহত পুলিশ সদস্যদের শহিদআখ্যা দিয়ে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা পুলিশ বাহিনীর আত্মত্যাগ কখনও বৃথা যেতে দেওয়া হবে না। সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ