ইসলামাবাদ: জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তানের বন্দর শহর করাচি। তাতে মৃত্যু হয়েছে কমপক্ষে তিন পাকিস্তানি রেঞ্জারের। স্থানীয় সূত্রে খবর শনিবার করাচির গুলশান-ই-জোহর এলাকায় সেদেশের আধা-সামরিক বাহিনী ‘পাকিস্তান রেঞ্জার্স’-এর সদর দপ্তরে একটি বিস্ফোরক-বোঝাই গাড়ি গেটের প্রবেশপথে ধাক্কা মেরে উড়িয়ে দেয়। এরপর জঙ্গিরা ওই সদর দপ্তর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। তাতে তিন রেঞ্জারের মৃত্যু হয়। সিন্ধ পুলিশের আইজি জাভেদ আলম ওধো বলেন, হামলার পরেই রেঞ্জাররা দ্রুত পাল্টা আক্রমণের প্রস্তুতি নেয়। বাহিনীর পাল্টা গুলিতে মৃত্যু হয় তিন জঙ্গির। পুরো এলাকা ঘিরে রেখে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।



