নিজস্ব প্রতিনিধি, তমলুক: একদিকে দুর্গাপুজোর বোধনের আনন্দ চারিদিকে। অন্যদিকে এইদিনই শোকের ছায়া নেমে এল পূর্ব মেদিনীপুরের তিন পরিবারে। ভয়াবহ পথ দুর্ঘটনার বলি ৩ জন। গতকাল, ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার শান্তিপুরে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল কোলাঘাট থানার শান্তিপুরে বাইক ও স্কুটিতে ভয়াবহ সংঘর্ষ হয়। ভোর প্রায় ৩টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। পাশাপাশি জখম হয়েছে আরও ৩ জন। মৃতদের নাম সুজিত মেট্যা (২০), বিশ্বজিৎ কর্মকার (১৯) এবং অর্ঘ মণ্ডল (২০)। এদের মধ্যে সুজিত ও বিশ্বজিৎ নন্দকুমার থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা এবং অর্ঘ কোলাঘাট থানার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।
জানা গিয়েছে, একটি স্কুটিতে করে সুজিত, বিশ্বজিৎ ও সিন্টু মান্না নামে তিনজন ঠাকুর দেখে কোলাঘাটের দিক থেকে নন্দকুমারের দিকে যাচ্ছিল। অপরদিকে, বেপরোয়া গতিতে বাইক নিয়ে তমলুকের দিক থেকে মেচেদার দিকে যাচ্ছিল অর্ঘ আর তাঁর ২ সারথী। ঠিক সেই সময়ই বাইক এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কা লাগার পর সবাই দূরে গিয়ে ছিটকে পড়ে। তীব্র শব্দ শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তৎক্ষণাৎ তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে যায়। যেখানে কর্তব্যরত চিকিৎসক সুজিত, বিশ্বজিৎ এবং অর্ঘকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে বাইকে থাকা দুই আরোহীকে প্রথমে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। একজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাঁকে ওখান থেকে এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়েছে।
এইভাবে বেপরোয়া গতিতে বাইক চালালে দুর্ঘটনায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। পুজোয় মানুষ যাতে সুস্থভাবে চলাচল করতে পারে সেই বিষয়ও নিশ্চিত করতে তৎপর হয়েছে পুলিশ। অন্যদিকে এই দুর্ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছে তদন্তকারী দল।



