ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ১
  • ১৭ অক্টোবর, ২০২৬ ১৫:১১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালেই কলকাতার আরবানা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক চালকের। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন বাইকের পিছনে বসে থাকা আরও এক যুবক। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে ভোর প্রায় ৪টে ২০ মিনিট নাগাদ, চৌবাগা রোড ও আনন্দপুর রোডের সংযোগস্থলে।

Advertisement

পুলিশ মারফত জানা গিয়েছে, একটি  মোটরবাইক চৌবাগা রোড ধরে যাওয়ার সময় আনন্দপুর রোডের দিকে বাঁদিকে মোড় নিচ্ছিল। সেই সময় কালো রঙের একটি গাড়িওই আনন্দপুর রোড ধরে যাওয়ার সময় ডানদিকে মোড় নেয়। এর ফলে দুটি গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়।

এই দুর্ঘটনার জেরে বাইকচালক প্রত্যুষ পানাই (৩০) রাস্তায় ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। এরপর তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে বাইকের পিছনে বসে থাকা প্রসূন কুমার এবং মেঘনাথ সাহা আহত হন। তাঁদেরও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার পরই ঘটনাস্থলে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যান চালক। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, দুর্ঘটনার সময় বাইক চালক ও তাঁর সহযাত্রী কেউই হেলমেট পরে ছিলেন না। সেইসঙ্গে তাঁরা মদ্যপ অবস্থায় থাকতে পারেন বলে আশঙ্কা করা গিয়েছে। দুর্ঘটনায় জড়িত কালো গাড়ি ও মোটরবাইকটি নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক গাড়িচালকের সন্ধানে তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।