দক্ষিণ আমেকিকা, ২ আগস্ট: পেরুর নাজকা শহরের কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনা। এই ঘটনায় প্রাণ হারালেন মোট ১৩ জন। জানা গিয়েছে, গতকাল পর্যটকদের নিয়ে নাজকা লাইন্স ঘুরে দেখানোর জন্য আকাশে রওনা দিয়েছিল এই বিমানটি। কিন্তু উড়ানের কিছু সময় পরেই সেটি একটি মাঠে ভেঙে পড়ে।
বিমানের মধ্যে ১১জন বিদেশি পর্যটক এবং দুই জন ক্রু সদস্য ছিলেন বলে জানা গিয়েছ। মৃত পর্যটকদের মধ্যে রয়েছে দুই জার্মান, দুই স্প্যানিশ এবং সাত ইতালীয়ান নগরিক। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি পেরুর বেসরকারি সংস্থা অ্যারোডিয়ানার বিমান ছিল। এই সংস্থাটি গত ১৪ বছর ধরে নাজকা লাইন্সের উপর দর্শনীয় উড়ানের পরিষেবা দিয়ে আসছে। বিমানটিকে মাঠে পড়ে থাকতে দেখে উত্তেজনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। এরপর উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসলেও বিমানে থাকা কাউকে বাচানো সম্ভব হয়নি। মৃতদের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি অথবা আবওহাওয়ার জেরে এই দুর্ঘটনা হতে পারে বলে আশঙ্কা তদন্তকারী দলের। বিমানটি ভেঙে পড়ার কারন খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। নাজকা লাইন্স বিশ্বের অন্যতম পর্যটন আকর্ষন। মরুভূমির বুকে শত শত বছর আগে তৈরি বিশালাকার প্রাণীর নকশাগুলি মূলত আকাশ থেকেই স্পষ্টভাবে দেখা যায়। সেই কারণেই এই এলাকায় দর্শনীয় বিমান ভ্রমণ অত্যন্ত জনপ্রিয়।