Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬

বাসে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু ৯ যাত্রীর, আহত একাধিক

বড় দুর্ঘটনার কবলে এক পর্যটক বাস। গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে

বাসে ভয়াবহ আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু ৯ যাত্রীর, আহত একাধিক
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৭
Prefer us on Google

উত্তরপ্রদেশ, ২৪ সেপ্টেম্বর: বড় দুর্ঘটনার কবলে এক পর্যটক বাস। গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বাসের মধ্যে আচমকাই আগুন লেগে মৃত্যু হয় ৯ জনের। মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলাও। পাশাপাশি আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ মারফত জানা গিয়েছে, বুধবার গভীর রাতে গ্রেটার নয়ডা থেকে মহোবার দিকে যাচ্ছিল বাসটি। যমুনা এক্সপ্রেসওয়ের উপর আচমকাই বাসে আগুন ধরে যায়। সেই সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আগুনের তীব্রতা বেশি থাকায় তা দ্রুত গোটা বাসে ছড়িয়ে পড়ে। সেই জেরে শুরু হয় হুড়োহুড়ি। প্রাণ বাঁচাতে অনেক যাত্রী বাসের জানলা দিয়ে ঝাঁপ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন। এরপর ভয়াবহ এই দুর্ঘটনাটি দেখে সেখানে জড়ো হয়ে যান স্থানীয়রা। দেরি না করে পুলিশ ও দমকলে খবর দেন তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল এবং পুলিশ। প্রাথমিক তদন্তের পর অনুমান করা যাচ্ছে, বাসের এয়ার কন্ডিশনিং সিস্টেমে বিস্ফোরণ ঘটে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। এরপর আগুন ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে ধরে যাওয়ায় দ্রুত তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। শর্ট সার্কিট থেকেও আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে পরিস্থিতির খোঁজ নেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন তিনি। পাশাপাশি বাসটিতে কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ