


সংবাদদাতা, দুর্গাপুর: রবিবার দুর্গাপুর শ্রীনগরপল্লী এলাকায় চয়ন মাঠে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। মাঠের পাশে রাস্তায় যানজট হওয়ার প্রতিবাদে এলাকার এক মহিলা স্কুটার নিয়ে ক্রিকেটের পিচে দাঁড়িয়ে পড়েন। ফলে বন্ধ হয় খেলা। ওই মহিলার কর্মকাণ্ডে বিড়ম্বনায় পড়ে ক্লাব কর্তৃপক্ষ। টুর্নামেন্ট বন্ধ করার অভিযোগে ক্লাব কর্তৃপক্ষ সহ এলাকার মহিলারা সরব হন। শুরু হয় বচসা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও এসিপি আসেন। এলাকার মহিলাদের সঙ্গে ওই মহিলার ও পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ কর্মীদেরও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রায় ৫ জন পুলিশকর্মী জখম হয়েছে। তাঁদের দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মহিলা ও ক্লাবের সম্পাদক সহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার একটি ক্লাবের সদস্যরা তাঁদের স্বর্গীয় এক সদস্যের স্মৃতির উদ্দেশ্যে একটি ক্রিকেট টুর্নামেন্ট করান। এবছর তাঁদের টুর্নামেন্ট তৃতীয় বছরে পড়েছে। গত দু’দিন ধরে চলছে টুর্নামেন্ট। এদিন ছিল তৃতীয় দিন। ক্লাবের সহ সম্পাদক রানা সিকদার বলেন, এদিন বিকেলে টুর্নামেন্ট দেখার জন্য দর্শকরা ভিড় করেছিলেন। ফলে এলাকার সঙ্কীর্ণ রাস্তা আরও সঙ্কীর্ণ হয়ে যায়। সেই সময় এই এলাকার একটি ফ্ল্যাটের বাসিন্দা গাড়ি নিয়ে যাওয়ার সময় যানজটে আটকে যান। আমাদের ভলেন্টিয়াররা সমস্যা সমাধান করতে দ্রুত ছুটে যায়। এরপরেই ওই ব্যক্তির স্ত্রী স্কুটার নিয়ে সোজা পিচে উপর এসে দাঁড়িয়ে যান। ফলে খেলা বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে আসে। আমাদের সম্পাদককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ( পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, এই ঘটনায় প্রায় ৫ জন পুলিশকর্মী জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত হচ্ছে।