হাওড়ার শালিমারের বালুঘাট এলাকায় বেপরোয়া বাইকের ধাক্কায় এক তিন বছরের শিশুকন্যা গুরুতর জখম হয়। গতকাল, শুক্রবার ঘটে ঘটনাটি। গুরুতর জখম অবস্থায় ওই শিশুকন্যাকে ভর্তি করা হয়েছিল আন্দুল রোডের পাশে একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানেই আজ, শনিবার ভোররাতে মৃত্যু হয় শিশুটির। এজেসি বোস বি গার্ডেন থানার পুলিস অভিযুক্তকে আটক করলেও পরে ছেড়ে দেয় বলে অভিযোগ। যার ফলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এদিন বিকেলে মৃত শিশুর পরিবারের লোকজন হাওড়া পুলিস মর্গের সামনে জিটিরোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামলাতে হাওড়া সিটি পুলিসের বিশাল বাহিনী ও র্যাফ যায়। পুলিসের আশ্বাসে অবরোধ তুলেছেন বিক্ষোভকারীরা।



